পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল আনা হয়েছে। দেশের ১২টি জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হয়েছে।
এই রদবদলের অংশ হিসেবে আলোচিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, পঞ্চগড়ের পুলিশ সুপার রবিউল ইসলামকে নৌপুলিশে, ময়মনসিংহের মুক্তাগাছা এপিবিএন-২-এর পুলিশ সুপার মিজানুর রহমানকে পঞ্চগড় জেলায়, বান্দরবানের পুলিশ সুপার আবদুর রহমানকে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া এসবি (ঢাকা)-এর পুলিশ সুপার ওহাবুল ইসলাম খন্দকারকে বান্দরবানের পুলিশ সুপার, জয়পুরহাটের পুলিশ সুপার মিনা মাহমুদাকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার, ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার শাহনাজ বেগমকে জয়পুরহাটে পদায়ন করা হয়েছে।
পাবনার পুলিশ সুপার আনোয়ার জাহিদকে এসবিতে, এসবি (ঢাকা)-এর পুলিশ সুপার ছুফি উল্লাহকে পাবনার পুলিশ সুপার এবং নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলামকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
শিল্পাঞ্চলের পুলিশ সুপার ফরহাদ হোসেন খানকে নীলফামারীর পুলিশ সুপার এবং নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে।
এদিকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামীকে নড়াইল জেলার পুলিশ সুপার করা হয়েছে। সাতক্ষীরার পুলিশ সুপার আরেফিন জুয়েলকে এপিবিএনের পুলিশ সুপার এবং রাজশাহীর সারদার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলমকে সাতক্ষীরার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
চাঁদপুরের পুলিশ সুপার রবিউল হাসানকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার করা হয়েছে। ঝালকাঠির পুলিশ সুপার মিজানুর রহমানকে চাঁদপুরের পুলিশ সুপার এবং সিআইডির বিশেষ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে ঝালকাঠির পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনকে নৌপুলিশের পুলিশ সুপার, আরএমপির উপ-পুলিশ কমিশনার রিয়াজুল ইসলামকে মৌলভীবাজারের পুলিশ সুপার করা হয়েছে।
এছাড়া চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খানকে এপিবিএনের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। ফেনীর পুলিশ সুপার শফিকুল ইসলামকে পুলিশ সদর দপ্তরের এআইজি এবং সিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খানকে ফেনীর পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
/এসএন