রাজধানীর শাহবাগ থানার ভেতরে ডাকসু নেতাদের ওপর হামলা এবং পাবনা ও কুমিল্লায় ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (২৪ এপ্রিল) দলের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলমের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় শাহবাগ থানার ভেতরে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী, সমাজসেবা সম্পাদক এবি যুবায়ের এবং নারী নেত্রী জুমার ওপর হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত। তিনি এ ঘটনাকে ন্যক্কারজনক আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানান।
তিনি অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ঘিরে গুজব ছড়িয়ে তাকে হুমকি দেওয়া হয়। পরে ওই শিক্ষার্থী নিরাপত্তার জন্য থানায় জিডি করতে গেলে পুলিশ জিডি না নিয়ে তাকে আটকে রাখে। বিষয়টি সমাধানে ডাকসু নেতারা থানায় গেলে তাদের ওপর হামলা চালানো হয় বলে দাবি করেন তিনি।
বিবৃতিতে পুলিশের ভূমিকা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। জামায়াতের মতে, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার বদলে পুলিশের নিষ্ক্রিয়তা অত্যন্ত উদ্বেগজনক এবং গ্রহণযোগ্য নয়।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, একই সময়ে পাবনার ঈশ্বরদী সরকারি কলেজ এবং কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে, যাতে একাধিক ব্যক্তি আহত হয়েছেন। এসব ঘটনাকে তিনি পরিকল্পিতভাবে শিক্ষাঙ্গন অস্থিতিশীল করার প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেন।
তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে সব ছাত্রসংগঠনের সহাবস্থান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং হামলার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।