• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৩০ পিএম


ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপের নিচে বিপজ্জনক বর্জ্য, গাজায় ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৬ নভেম্বর ২০২৬ ১০:২৮ পিএম

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় ৬ কোটি ১০ লাখ থেকে ৬ কোটি ৮০ লাখ টন ধ্বংসস্তূপ জমেছে বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এসব ধ্বংসস্তূপের মধ্যে বিপজ্জনক বর্জ্যের পাশাপাশি ক্যানসার সৃষ্টিকারী অ্যাসবেস্টসও রয়েছে। এতে উপত্যকাটিতে ভয়াবহ পরিবেশ ও মানবিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) যুদ্ধ ও সশস্ত্র সংঘাতে পরিবেশের শোষণ রোধে আন্তর্জাতিক দিবস উপলক্ষে প্রকাশিত এক বিবৃতিতে এ সতর্কবার্তা দিয়েছে ফিলিস্তিনের পরিবেশ মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।

বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কারণে গাজাজুড়ে ৬১ থেকে ৬৮ মিলিয়ন টন ধ্বংসস্তূপ জমেছে। এর মধ্যে প্রায় ৪০ লাখ টন বিপজ্জনক বর্জ্য এবং অন্তত ৫০ হাজার টন অ্যাসবেস্টস রয়েছে।

অ্যাসবেস্টস এক ধরনের আঁশযুক্ত পদার্থ, যা ক্যানসার সৃষ্টি করতে পারে। অতীতে নির্মাণকাজে এবং ভবনের তাপ নিরোধক উপকরণ হিসেবে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হতো।

কর্তৃপক্ষ আরও জানায়, ইসরায়েলি হামলায় গাজার ৮২ শতাংশ কৃষিজমি, জলপাই ও অন্যান্য ফলের ৯৭ শতাংশ গাছ এবং পানি ও পয়োনিষ্কাশন অবকাঠামোর ৮৪ শতাংশ ধ্বংস হয়েছে।

পয়োনিষ্কাশন ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ায় প্রতিদিন প্রায় ১ লাখ ২০ হাজার ঘনমিটার অপরিশোধিত বর্জ্যপানি গাজার রাস্তাঘাট ও জলাধারে গিয়ে পড়ছে। এতে উপত্যকাটির পরিবেশগত পরিস্থিতি আরও সংকটাপন্ন হয়ে উঠেছে।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধে ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৫ হাজারের বেশি আহত হয়েছেন। একই সময়ে উপত্যকাটির বেসামরিক অবকাঠামোর ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে।

/এএসএফ