• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পিএম


ব্যাংকিং সংকটে পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৬ নভেম্বর ২০২৬ ১০:১২ পিএম

ব্যাংকিং সংকটে পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা

দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়ের ডানপন্থী প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা পদত্যাগ করেছেন। সাম্প্রতিক সময়ে দেশটির ব্যাংকিং ব্যবস্থায় বিপর্যয় দেখা দেওয়ার পর বৃহস্পতিবার তিনি এ সিদ্ধান্ত নেন। সংকটের কেন্দ্রবিন্দুতে রয়েছে দেশটির ব্যাংক ‘উয়েনো’। পেনার শাসনামলে ব্যাংকটি দ্রুত দেশের অন্যতম বৃহৎ ঋণদাতা প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। প্রতিষ্ঠানটির দাবি ছিল, প্যারাগুয়ের প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর প্রায় ৬০ শতাংশই তাদের গ্রাহক।

সোমবার দেশটির কেন্দ্রীয় ব্যাংক দেউলিয়া হওয়ার ঝুঁকিতে থাকা উয়েনো ব্যাংকের নিয়ন্ত্রণ নেয়। এতে ব্যাংকটির প্রায় ৩০ লাখ গ্রাহকের আমানত আটকে যায়। নিজেদের জমানো টাকা তুলতে না পেরে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের খরচ মেটাতে শত শত পরিবার চরম ভোগান্তিতে পড়ে। এ পরিস্থিতিতে ব্যাংক কর্মকর্তাদের গ্রেপ্তারের পর রাজধানীজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়।

২০২৩ সালের আগস্টে ক্ষমতায় আসেন ৪৭ বছর বয়সী ট্রাম্পপন্থী নেতা সান্তিয়াগো পেনা। সাবেক এই অর্থমন্ত্রীর বিরুদ্ধে অনিয়ম ও স্বার্থের দ্বন্দ্বের অভিযোগে পার্লামেন্টে অভিশংসন প্রক্রিয়া শুরুর পক্ষে সর্বসম্মত ভোট পড়েছিল।

রাষ্ট্রীয় তহবিল ও পেনশন খাতের ৮০ থেকে ৮৫ কোটি ডলার উয়েনো ব্যাংকে জমা রাখার সিদ্ধান্ত নিয়েও তীব্র সমালোচনা তৈরি হয়। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৯ হাজার ৯১৮ কোটি থেকে ১০ হাজার ৫৩৮ কোটি টাকা। এ অর্থ জমা রাখার সিদ্ধান্তের সঙ্গে ব্যাংকটিতে পেনার সাবেক শেয়ারমালিকানার যোগসূত্র থাকার অভিযোগ ওঠে।

নিজ দলের সাবেক প্রেসিডেন্ট হোরাসিও কার্তেসসহ সংসদ সদস্যরা অভিশংসনের পক্ষে অবস্থান নেওয়ার পর এক ভিডিও বার্তায় পদত্যাগের ঘোষণা দেন পেনা। তিনি বলেন, দেশের স্থিতিশীলতা বজায় রাখা এবং সাধারণ মানুষের সঞ্চয় ফিরিয়ে দেওয়ার বিষয়টি এখন অগ্রাধিকার হওয়া উচিত।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অন্যতম প্রধান আঞ্চলিক মিত্র হিসেবে পরিচিত ছিলেন পেনা। তার পদত্যাগের পরপরই দেশটির কংগ্রেসের নিম্নকক্ষ অভিশংসন প্রস্তাবটি পাস করে সিনেটে পাঠিয়েছে।

সিনেটে প্রস্তাবটি অনুমোদিত হলে পেনা তার সংসদীয় দায়মুক্তি হারাতে পারেন। সে ক্ষেত্রে সাধারণ আদালতে ফৌজদারি বিচারের মুখোমুখি হওয়ার সুযোগ তৈরি হবে।

/এএসএফ