• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪০ পিএম


মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন বিজয়, দিলেন জীবনের লক্ষ্য পূরণের পরামর্শ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৬ নভেম্বর ২০২৬ ৮:২৮ পিএম

শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়েই রাজনীতিতে এসেছেন বলে জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়। পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি দুর্নীতি ও মাদক থেকে দূরে থাকার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে নিজেদের লক্ষ্য পূরণে কঠোর পরিশ্রম করার পরামর্শ দিয়েছেন এই অভিনেতা-রাজনীতিক।

গত বুধবার (৪ নভেম্বর) চেন্নাইয়ে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন বিজয়। মূলত দশম ও দ্বাদশ শ্রেণির কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে শিক্ষার্থীদের সম্মাননা সনদের পাশাপাশি আর্থিক পুরস্কারও দেওয়া হয়।

তিরুভান্নামালাইয়ের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মনিকা বার্তা সংস্থা পিটিআইকে বলেন, মুখ্যমন্ত্রী বিজয়ের কাছ থেকে পুরস্কার গ্রহণ করা তার জন্য বিশেষ একটি মুহূর্ত। তার মতে, এই স্বীকৃতি ভবিষ্যৎ প্রজন্মকেও অনুপ্রাণিত করবে।

অন্যদিকে, কুড্ডালোরের দশম শ্রেণির শিক্ষার্থী শ্রীনিথি ৫০০ নম্বরের মধ্যে ৪৯৪ পেয়ে কৃতিত্ব অর্জন করেছেন। নতুন মুখ্যমন্ত্রীর কাছ থেকে সম্মাননা পাওয়াকে নিজের পাশাপাশি স্কুলের জন্যও অত্যন্ত গর্বের বিষয় বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে বিজয় বলেন, তাদের কল্যাণে কাজ করার লক্ষ্য তার রাজনীতিতে আসার অন্যতম কারণ। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি দুর্নীতি ও মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে জীবনের লক্ষ্য অর্জনে কঠোর পরিশ্রমের পরামর্শ দেন।

বিজয় বলেন, ‘আমি এখানে রাজনীতি করতে, ভোট চাইতে কিংবা দল নিয়ে কথা বলতে আসিনি। এই মুহূর্তে তোমাদের দলীয় রাজনীতির প্রয়োজন নেই। ভালোভাবে পড়াশোনা করো, বড় কিছু অর্জন করো এবং নিজেদের জীবন বদলে দাও। এরপর সমাজ ও তামিলনাড়ুর কথা ভাবতে পারো।’

সিনেমাজগৎ থেকে রাজনীতিতে আসার প্রসঙ্গ তুলে বিজয় বলেন, শিক্ষার্থীদের কল্যাণের কথা মাথায় রেখেই তিনি রাজনীতিতে যুক্ত হয়েছেন। একই সঙ্গে শিক্ষার্থীদের স্মরণ করিয়ে দেন, তাদের ওপর বাবা-মা, সমাজ ও রাজ্যের প্রত্যাশা রয়েছে।

শিক্ষার্থীদের নিজস্ব স্বকীয়তা গড়ে তোলার পরামর্শ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, চলার পথে কেউ বাধা সৃষ্টি করলে তাতে দমে যাওয়া যাবে না। তার ভাষায়, ‘মানুষ যদি তোমাদের পথে বাধা সৃষ্টি করে, তার অর্থ তোমাদের সাফল্য নিশ্চিত।’

এ সময় শিক্ষার্থীদের ক্ষতিকর অভ্যাসের কাছে নতি স্বীকার না করার পাশাপাশি দুর্নীতি ও মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়।

সূত্র: হিন্দুস্তান টাইমস

/এএসএফ