• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৫৯ এএম


পোশাকশ্রমিকদের মজুরি বাড়ানোর উদ্যোগ, বুধবার শুরু হচ্ছে বোর্ডের কার্যক্রম

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৪ নভেম্বর ২০২৬ ১২:২৮ পিএম


তৈরি পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের লক্ষ্যে গঠিত মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হবে বুধবার (৪ নভেম্বর)। শ্রমিকদের আন্দোলন অব্যাহত থাকা এবং বিভিন্ন কারখানা বন্ধ থাকায় উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ার পরিস্থিতিতে বোর্ডের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করতে এ বৈঠকের আয়োজন করা হচ্ছে।

বিজিএমইএ, ট্রেড ইউনিয়নের নেতা এবং সরকারি কর্মকর্তাদের সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বুধবারের সভার মধ্য দিয়ে মজুরি বোর্ডের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। একই সঙ্গে শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি এবং চলমান অসন্তোষ নিরসনে সরকার যেসব উদ্যোগ নিয়েছে, সেগুলোর অগ্রগতিও সভায় তুলে ধরার লক্ষ্য রয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান জানান, দ্রুত মজুরি বোর্ডের সভা আয়োজনের জন্য তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। বুধবারই সভাটি অনুষ্ঠিত হবে বলে তাঁরা আশাবাদী।

তিনি আরও বলেন, কারখানাগুলো চালু রাখার চেষ্টা করা হচ্ছে। শিল্প ও শ্রমিকদের স্বার্থ বিবেচনায় ভাঙচুর ও বিক্ষোভের মতো কর্মকাণ্ড থেকে বিরত থাকতে শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

অন্যদিকে, নাম প্রকাশ না করার শর্তে এক শ্রমিক ইউনিয়ন নেতা জানিয়েছেন, বুধবার সভা হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের ফোনের মাধ্যমে জানানো হয়েছে বলেও তিনি জানতে পেরেছেন।

এর আগে রোববার (১ নভেম্বর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই দিন এ বিষয়ে দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

/এসএন