যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত হলে ইউরোপেও হামলার হুমকি ইরানের
মধ্যপ্রাচ্যের সীমানা পেরিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সামরিক সংঘাত ইউরোপ পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সামরিক কর্মকর্তা ও কট্টরপন্থী আইনপ্রণেতারা সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে কোনো সামরিক সংঘাত শুরু হলে তা মধ্যপ্রাচ্যের ভৌগোলিক সীমার মধ্যে আটকে থাকবে না। বরং সাইপ্রাস থেকে শুরু করে যুক্তরাজ্য পর্যন্ত এর বিস্তৃতি ঘটতে পারে।
ইরানি গণমাধ্যম ও নিরাপত্তা বিশ্লেষকদের বরাতে জানা গেছে, সম্ভাব্য সংঘাতের লক্ষ্যবস্তু হিসেবে ইউরোপের বিভিন্ন পশ্চিমা সামরিক ঘাঁটিকেও চিহ্নিত করা শুরু হয়েছে। তেহরানের নীতিনির্ধারকেরা এমন এক সময়ে এ ধরনের আক্রমণাত্মক সামরিক বক্তব্য দিচ্ছেন, যখন পশ্চিমা দেশগুলোর সঙ্গে পরমাণু আলোচনা ও ভূরাজনৈতিক দরকষাকষি নিয়ে টানাপোড়েন চলছে।
যুক্তরাষ্ট্রের প্রশাসন ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ইরানের এমন হুঁশিয়ারি আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ তৈরি করেছে। পশ্চিমা প্রতিরক্ষা বিশেষজ্ঞদের আশঙ্কা, মধ্যপ্রাচ্যের বাইরে ইউরোপীয় মিত্রদের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার হুমকি বিশ্বজুড়ে নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
/এএসএফ