• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৩৮ এএম


তুরস্কে কোরআন শিক্ষায় পূর্ণাঙ্গ বৃত্তি পেলেন ৭ বাংলাদেশি নারী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৪ অক্টোবর ২০২৬ ৮:২২ পিএম

তুরস্কের ইস্তাম্বুলে দুই বছর মেয়াদি কোরআন শিক্ষা কার্যক্রমে অংশ নিতে পূর্ণাঙ্গ বৃত্তি পেয়েছেন বাংলাদেশের সাত নারী শিক্ষার্থী। তুরস্কের আজিজ মাহমুদ হুদায়ি ফাউন্ডেশনের এ বৃত্তির আওতায় কোরআন শিক্ষার পাশাপাশি হাদিস, ফিকহ, তুর্কি ভাষা ও ইসলামের মৌলিক বিষয়ে পড়াশোনার সুযোগ পাবেন তারা।সোমবার (৫ অক্টোবর) ইস্তাম্বুলে পৌঁছালে শিক্ষার্থীদের স্বাগত জানান সেখানে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেলের সহধর্মিণী ও শিক্ষিকা মারুফা বিনতে ইব্রাহিমী।ইস্তাম্বুলে বাংলাদেশের কনস্যুলেট জেনারেলের তথ্য অনুযায়ী, বাংলাদেশি নারীদের জন্য প্রথমবারের মতো এ ধরনের পূর্ণাঙ্গ বৃত্তির ব্যবস্থা করেছে আজিজ মাহমুদ হুদায়ি ফাউন্ডেশন। তুরস্কের প্রেসিডেন্সির সঙ্গে সম্পৃক্ত এই ফাউন্ডেশন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের যাওয়া-আসার বিমানভাড়া, আবাসন, খাবার, চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় শিক্ষাসামগ্রীর ব্যয় বহন করবে।দুই বছর মেয়াদি এ কর্মসূচিতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে। এর মধ্যে রয়েছে প্রাথমিক স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্নতা ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা। পাশাপাশি তরুণীদের প্রয়োজনীয় শিষ্টাচার ও আদব-কায়দা শেখানোরও ব্যবস্থা রয়েছে।শিক্ষার্থীরা কথোপকথন পর্ব, সেমিনার, কর্মশালা ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। এ ছাড়া কোর্সের অংশ হিসেবে তুরস্কের ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থানগুলোতে শিক্ষাসফরের আয়োজন করা হবে। এর মাধ্যমে দেশটির ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে সরাসরি জানার সুযোগ পাবেন তারা।বাংলাদেশি নারীদের জন্য প্রথমবারের মতো এমন বৃত্তির ব্যবস্থা করায় আজিজ মাহমুদ হুদায়ি ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ইস্তাম্বুলে বাংলাদেশের কনস্যুলেট জেনারেল।কনস্যুলেট জেনারেল আশা প্রকাশ করেছে, এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে শিক্ষা, ধর্মীয় জ্ঞান ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়বে। একই সঙ্গে দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারেও এ কর্মসূচি ভূমিকা রাখবে।

/বিএসএস