• ঢাকা
  • বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পিএম


কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘ’র্ষ, মহানগর কার্যালয়ে ভা’ঙচুর

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৪ অক্টোবর ২০২৬ ১০:২৯ পিএম

কুমিল্লা নগরীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দলের মহানগরী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।

বুধবার (১৪ অক্টোবর) রাত ৮টার দিকে নগরীর গাংচর এলাকায় ফারুকী হাউসের সামনে এ ঘটনা ঘটে। সংঘর্ষকে কেন্দ্র করে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনার সময় দলীয় কার্যালয়ের সামনে রাখা মহানগর জামায়াতের শহর সেক্রেটারির গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে দলীয় সূত্রে জানা গেছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সংঘর্ষের বিষয়টি শোনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা মহানগর জামায়াতের নতুন কমিটি গঠন নিয়ে গত কয়েক দিন ধরে শীর্ষ নেতাদের মধ্যে মতবিরোধ চলছিল। বুধবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে নতুন কমিটি গঠন নিয়ে বৈঠক চলাকালে সেই বিরোধ প্রকাশ্যে আসে।

সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, বর্তমান সেক্রেটারি মাহবুবুর রহমান নতুন কমিটিতে আমির হতে পারেন—এমন গুঞ্জনকে কেন্দ্র করে দলের ভেতরে উত্তেজনা তৈরি হয়। নতুন নেতৃত্ব নির্বাচন নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ ক্রমেই বাড়ছিল বলে জানা গেছে।

সূত্র আরও জানায়, বুধবার রাতেই নতুন কমিটি গঠনের জন্য ভোট গ্রহণের সম্ভাবনা ছিল। এ নিয়ে চলমান বৈঠকে সেক্রেটারি মাহবুবুর রহমান তাঁর অনুসারীদের আমন্ত্রণ জানিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে তাঁর বিরোধী পক্ষের কয়েকজন দলীয় কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় গাড়ি ভাঙচুরের পাশাপাশি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে সূত্রগুলো জানিয়েছে।

ঘটনার বিষয়ে বক্তব্য জানতে জামায়াতের সহ-সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

এদিকে কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোশাররফ হোসেন বলেন, “এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। আমরা মিডিয়ায় ব্রিফিং দেব। আমাদের মিটিং চলছে।”

এ বিষয়ে বক্তব্য জানতে দলের সেক্রেটারি মাহবুবুর রহমানের সঙ্গেও একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনিও ফোন ধরেননি।

/এসএন