• ঢাকা
  • বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৫৮ পিএম


গ্রামীণ ব্যাংকের শাখায় দু’র্বৃত্তদের আগু’ন, ঘটনাস্থলে খালি বোতল উদ্ধার

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৪ অক্টোবর ২০২৬ ১০:৩৭ পিএম

নেত্রকোনার সদর উপজেলার মৌগাতি ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের চুঁচুয়া শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ব্যাংকের বারান্দার একটি কক্ষে রাখা দুটি মোটরসাইকেল ও কিছু কাগজপত্র পুড়ে গেছে। দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে। গ্রামীণ ব্যাংকের চুঁচুয়া শাখার ব্যবস্থাপক মঞ্জু আহমেদ ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি সংবাদমাধ্যমকে বলেন, ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা পেট্রল ঢেলে ব্যাংকের ওই কক্ষে আগুন ধরিয়ে দিয়েছে।

শাখা ব্যবস্থাপক জানান, ঘটনার সময় ব্যাংকের নিয়মিত নিরাপত্তাকর্মী আবদুর রহমান ছুটিতে ছিলেন। তাঁর পরিবর্তে দায়িত্ব পালনকারী ব্যক্তি আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজনকে খবর দেন। পরে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থলের পাশে কয়েকটি খালি বোতল পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন ধরিয়েছে।

ওসি আরও জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এসএন