• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:২৯ পিএম


সাজেক সড়কে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৪ অক্টোবর ২০২৬ ৮:১৮ পিএম

প্রশাসনকে দেওয়া ৪৮ ঘণ্টার সময়সীমার মধ্যে তিন দফা দাবি পূরণ না হওয়ায় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থেকে আবারও সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে পাহাড়ের দুটি সংগঠন। সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের ব্যানারে এ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠন দুটির নেতারা এই ঘোষণা দেন। বিবৃতিতে স্বাক্ষর করেছেন সাজেক গণ-অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা এবং সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা।

বিবৃতিতে বলা হয়, সাজেকের মাচালং এলাকার বিভিন্ন স্থানে অবস্থানরত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়াসহ তিন দফা দাবিতে গত ১১ অক্টোবর সাজেক পর্যটন সড়কে অবরোধ কর্মসূচি পালন করা হয়েছিল। ওই কর্মসূচির কারণে সাজেকে এক হাজারের বেশি পর্যটক আটকা পড়েন।

পরে নিরাপত্তা বাহিনীর বিশেষ এসকর্টের মাধ্যমে পর্যটকদের ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হলে প্রশাসন দাবিগুলো পূরণের জন্য ৪৮ ঘণ্টা সময় চেয়ে আশ্বাস দেয়। প্রশাসনের এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে সোমবার ও মঙ্গলবার অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি সাময়িকভাবে শিথিল করা হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে দাবিগুলো পূরণ না হওয়ায় বৃহস্পতিবার থেকে আবারও অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের সিদ্ধান্ত নিয়েছে সংগঠন দুটি।

এদিকে, বুধবার খাগড়াছড়ির শাপলা চত্বর থেকে দেশের অন্যতম আকর্ষণীয় পাহাড়ি পর্যটনকেন্দ্র রাঙামাটির সাজেক ভ্যালি খুলে দেওয়ার দাবিতে প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে।

/এসএন