• ঢাকা
  • বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:২৬ পিএম


‘পাকিস্তান সরকারের এই আচরণ ইমরানের প্রাপ্য নয়’: রবি শাস্ত্রী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৬ অক্টোবর ২০২৬ ৮:৪৯ পিএম

কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ১৯৯২ বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের সঙ্গে দেশটির সরকারের আচরণ নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন ভারতের সাবেক ক্রিকেটার ও কোচ রবি শাস্ত্রী। তার মতে, রাজনৈতিক বিষয়কে এক পাশে রাখলেও মানবিক দৃষ্টিকোণ থেকে কোনো মানুষের সঙ্গে এমন আচরণ গ্রহণযোগ্য নয়।ক্রিকেট ক্যারিয়ার শেষ করে রাজনীতিতে যোগ দেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইমরান খান। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। ২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন ইমরান। দুর্নীতিসহ বিভিন্ন মামলায় তাকে একাধিক মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে ইমরান ও তার দল এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।কারাগারে থাকার সময় ইমরানের শারীরিক অবস্থা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। তার প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়ে গত আগস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে চিঠি দেন দেশটির ২১ জন সাবেক অধিনায়ক। এর আগে গত ফেব্রুয়ারিতেও ১৪ জন সাবেক অধিনায়ক একই দাবিতে সরকারের কাছে চিঠি দিয়েছিলেন।এবার ইমরানের পাশে দাঁড়িয়েছেন রবি শাস্ত্রী। রিপাবলিক ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের সাবেক এই ক্রিকেটার বলেন, ইমরান খানের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তা কোনোভাবেই তার প্রাপ্য নয়।শাস্ত্রির মতে, ইমরান শুধু পাকিস্তানের একজন রাজনৈতিক নেতা নন, ক্রিকেটবিশ্বেও তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। তার সুস্বাস্থ্য কামনা করে শাস্ত্রী বলেন, ক্রিকেটে ইমরানের অবদান অসাধারণ।ইমরানকে নিজের দেখা অন্যতম সেরা নেতা হিসেবেও উল্লেখ করেন শাস্ত্রী। তরুণদের অনুপ্রাণিত করা এবং তাদের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে ইমরানের অসাধারণ দক্ষতা ছিল বলে মন্তব্য করেন তিনি। শাস্ত্রী স্মরণ করেন, ইমরানের নেতৃত্বেই তুলনামূলক তরুণ একটি পাকিস্তান দল ১৯৯২ সালে বিশ্বকাপ জিতেছিল।ইমরান কবে কারাগার থেকে মুক্তি পাবেন—এমন প্রশ্নের জবাবে শাস্ত্রী আশা প্রকাশ করেন, তিনি দ্রুতই কারাগার থেকে বেরিয়ে আসবেন। এরপর তার সঙ্গে আরও ভালো আচরণ করা হবে বলেও আশা করেন তিনি।দীর্ঘদিন ধরে কারাগারে থাকা ইমরানের অবস্থাকে অমানবিক বলেও মন্তব্য করেন শাস্ত্রী। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও পাকিস্তানের সবচেয়ে পরিচিত মুখগুলোর একজন হিসেবে ইমরানের প্রতি আরও মানবিক আচরণ প্রত্যাশা করেন ভারতের সাবেক এই ক্রিকেটার।অবশ্য কারাগারে ইমরানের সঙ্গে দুর্ব্যবহার এবং তাকে পরিবারের সদস্য কিংবা আইনজীবীদের সঙ্গে যোগাযোগের সুযোগ না দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান সরকার।পাকিস্তানের হয়ে ইমরান খান ৮৮টি টেস্ট ও ১৭৫টি ওয়ানডে খেলেছেন। ক্রিকেট ইতিহাসে পাকিস্তানের অন্যতম সেরা অধিনায়ক ও অলরাউন্ডার হিসেবে তার অবস্থান এখনো অমলিন।

/বিএসএস