• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ এএম


হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মারধর, শ্রেণিকক্ষেই ৬ বছরের শিশুর মৃত্যু

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২১ আগস্ট ২০২৬ ১১:৫৯ এএম

ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মারধরে শ্রেণিকক্ষেই এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ৬ বছর বয়সী শিশুটির নাম প্রণয় তেজা। সে স্থানীয় ‘লিটল গার্ডেন’ নামের একটি বেসরকারি স্কুলের ছাত্র ছিল। পরিবারের অভিযোগ, শিক্ষিকার ছড়ির আঘাতেই শিশুটির মৃত্যু হয়েছে। পুলিশ ইতোমধ্যে ঘটনাটির তদন্ত শুরু করেছে।

শিশুটির বাবা জানান, বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে প্রণয় সম্পূর্ণ সুস্থ অবস্থায় নিজেই জেদ করে স্কুলে গিয়েছিল। কিন্তু দুপুরে স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে নয়, পরিচিতদের মাধ্যমে খবর পেয়ে তারা হাসপাতালে ছুটে যান। সেখানে চিকিৎসকেরা জানান, হাসপাতালে আনার অন্তত আধঘণ্টা আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

পরে স্কুলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, শিক্ষিকা শিশুটিকে মারধর করছেন। কিছুক্ষণ পরই সে অজ্ঞান হয়ে শিক্ষিকার কোলেই লুটিয়ে পড়ে।

পরিবারের দাবি, মারধরের আতঙ্ক ও আঘাতেই প্রণয়ের মৃত্যু হয়েছে। ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজসহ সংশ্লিষ্ট তথ্য খতিয়ে দেখছে।

/এএসএফ