কেনিয়ায় সাফারি ভ্রমণের সময় পর্যটকবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে স্ত্রীসহ ইকুয়েডরের গোয়েন্দাপ্রধান এবং পাঁচ মার্কিন নাগরিক নিহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) স্থানীয় সময় সকাল সোয়া ৯টার দিকে সামবুরু কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে। এতে গোয়েন্দাপ্রধান মিশেল সেনসি-কন্তুজি ও তার স্ত্রী স্টেফানি হলিহানসহ মোট সাতজন প্রাণ হারান।
নিহত অন্য পাঁচজন মার্কিন নাগরিক বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র।
কেনিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (কেসিএএ) জানিয়েছে, হেলিকপ্টারটিতে করে আরোহীরা একটি বন্যপ্রাণী সংরক্ষণ এলাকায় মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছিলেন। সাফারি ভ্রমণের সময়ই হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে।
ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, মাউন্ট ওলোলোকওয়ের বনাঞ্চলে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার স্থানে ধোঁয়া উঠছে। এ সময় কেনিয়া রেড ক্রসের সদস্যরা জ্বলতে থাকা ধ্বংসাবশেষের দিকে এগিয়ে যাচ্ছিলেন।
২০২৪ সালে স্ট্র্যাটেজিক ইন্টেলিজেন্স সেন্টারের মহাপরিচালক হিসেবে নিয়োগ পাওয়া সেনসি-কন্তুজির বয়স ছিল ৪৪ বছর। তার মৃত্যুর বিষয়ে ইকুয়েডর সরকার বিস্তারিত কোনো তথ্য জানায়নি। তবে দেশটির প্রেসিডেন্টের কার্যালয় সরকারের পক্ষ থেকে গোয়েন্দাপ্রধানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে।
দুর্ঘটনায় নিহত মার্কিন নাগরিকদের মধ্যে একজন এনবিসিইউনিভার্সালের সাংবাদিক হোসে আলবের্তো সুয়ারেজ। অন্য চার মার্কিন নাগরিকের পরিচয় এখনো জানা যায়নি।
দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।
সূত্র: বিবিসি
/এএসএফ