২০২৬ সালের প্রথম চার মাসে অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি করে ৭৫০ কোটি মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা আয় করেছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যেই তেল বিক্রিতে এই সাফল্য দেখিয়েছে দেশটি।ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফারসের এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, অর্জিত পুরো বৈদেশিক মুদ্রা ইতিমধ্যে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে জমা দেওয়া হয়েছে।ইরানের পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের তথ্যের ভিত্তিতে ফারস নিউজ জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত তেল বিক্রি থেকে পাওয়া এই আয় গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি।ইরানি কর্মকর্তাদের মতে, বিশ্ববাজারে তেলের দরপতন ঠেকানো এবং বিকল্প বিপণনব্যবস্থা জোরদার করার কারণেই এই সাফল্য এসেছে।ফারস নিউজের প্রতিবেদনে আরও বলা হয়, এই চার মাসে অর্জিত বৈদেশিক মুদ্রার পরিমাণ দিয়ে আগামী ডিসেম্বরের শেষ পর্যন্ত ইরানি সরকারের জরুরি পণ্য আমদানি এবং প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার ব্যয় নির্বাহ করা সম্ভব হবে।চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরু হয়। পরে হরমুজ প্রণালিতে ইরানি বন্দর ও জাহাজগুলোর ওপর নৌ-অবরোধ জারির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।বিশ্লেষকদের ধারণা ছিল, যুক্তরাষ্ট্রের এসব পদক্ষেপের ফলে ইরানের জ্বালানি অবকাঠামো ভেঙে পড়বে এবং দেশটির তেল রপ্তানি বন্ধ হয়ে যাবে। তবে বাস্তবে সংঘাতের মধ্যেও ইরানের তেল উত্তোলন এবং আন্তর্জাতিক বাজারে তা পৌঁছে দেওয়ার ধারাবাহিকতা বজায় রয়েছে।
সূত্র: ফারস নিউজ
/বিএসএস