বলিউড অভিনেতা শাহরুখ খানের মুম্বাইয়ের বাসভবন ‘মান্নাত’-এর বাগান এলাকায় জোড়া সাপের দেখা মেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (১৭ আগস্ট) রাত ৮টার দিকে বাড়ির একটি শেডের নিচে পরস্পরের সঙ্গে জড়িয়ে থাকা অবস্থায় সাপ দুটিকে দেখতে পান বাড়ির লোকজন। পরে একটি সাপ উদ্ধার করা সম্ভব হলেও অন্যটি পালিয়ে যায়।
ঘটনার পর সাপ উদ্ধারকারী ভিকি দুবেকে খবর দেওয়া হয়। তিনি বান্দ্রা ওয়েস্টে অবস্থিত ‘মান্নাত’-এ গিয়ে একটি সাপ উদ্ধার করেন। পরে বিষয়টি বন বিভাগের রাউন্ড অফিসার দীপক দাদা গায়কোয়াড় এবং থানে মুম্বাই রেঞ্জ অফিসের কন্ট্রোলারকে জানান।
ভিকি দুবে নিরাপদে প্রায় ৮ ফুট লম্বা একটি সাপ উদ্ধার করেন। পরে সেটিকে ‘ধামান’ বা ইন্ডিয়ান র্যাট স্নেক হিসেবে শনাক্ত করা হয়। উদ্ধার করা সাপটি বিষহীন এবং মানুষের জন্য ক্ষতিকর নয় বলে জানান তিনি।
তবে সাপ দুটিকে ঘিরে লোকজন জড়ো হওয়ার সুযোগে দ্বিতীয় সাপটি সেখান থেকে পালিয়ে যায়। এতে ‘মান্নাত’-এর নিরাপত্তাকর্মী ও পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। দ্বিতীয় সাপটির সন্ধানে গভীর রাত পর্যন্ত বাড়ির বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হলেও সেটির কোনো সন্ধান পাওয়া যায়নি।
সাপ উদ্ধারকারী ভিকি দুবে ঘটনাস্থলে উপস্থিত সবাইকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন। তিনি জানান, উদ্ধার করা সাপটি বিষহীন।
পরে বন বিভাগের নিয়ম অনুযায়ী, উদ্ধার করা ধামান সাপটিকে নিরাপদে তার প্রাকৃতিক আবাসস্থলে ছেড়ে দেওয়া হয়।
/এসএন