• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩২ পিএম


গাজায় গণহত্যায় অংশ নেওয়া ইসরাইলি সেনার আত্মহত্যা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১২ আগস্ট ২০২৬ ১০:২১ পিএম

গাজা উপত্যকায় ইসরাইলি সামরিক অভিযানে অংশ নেওয়া মার্কিন বংশোদ্ভূত এক ইসরাইলি সেনা আত্মহত্যা করেছেন। ২৫ বছর বয়সী ওই সেনার নাম উইলিয়াম শাকিন। গাজা থেকে ফিরে আসার পর তিনি পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (পিটিএসডি)সহ গুরুতর মানসিক সমস্যায় ভুগছিলেন বলে তাঁর বন্ধু ও ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন।

২০২৩ সালের ৭ অক্টোবরের ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা মাঝপথে ছেড়ে যুক্তরাষ্ট্র থেকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে চলে যান শাকিন। পরে তিনি ইসরাইলি সেনাবাহিনীতে যোগ দেন। গাজায় ইসরাইলি বাহিনীর স্থল অভিযানের সময় তিনি বিশেষায়িত গোলানি ব্রিগেডের ১৩তম ব্যাটালিয়নে দায়িত্ব পালন করেন।

শাকিনের বন্ধু ও পরিচিতদের ভাষ্য অনুযায়ী, গাজা থেকে ফিরে আসার পর তাঁর মানসিক স্বাস্থ্যের দ্রুত অবনতি হতে থাকে। যুদ্ধক্ষেত্রে সহযোদ্ধাদের নিহত হতে দেখা এবং গাজায় সংঘাতের ভয়াবহ অভিজ্ঞতা তাঁকে গভীরভাবে প্রভাবিত করেছিল। পরবর্তী সময়ে তিনি তীব্র মানসিক সংকটে ভুগতে থাকেন।

ইসরাইলি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দেশটির সামরিক বাহিনীতে যুদ্ধ-পরবর্তী মানসিক সংকট ক্রমেই প্রকট হচ্ছে। চলতি বছরের প্রথমার্ধেই অন্তত ১৮ ইসরাইলি সেনার আত্মহত্যার খবর প্রকাশিত হয়েছে।

এদিকে ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের সেপ্টেম্বরের তুলনায় দেশটির সেনাদের মধ্যে পিটিএসডির সংখ্যা প্রায় ৪০ শতাংশ বেড়েছে। দীর্ঘদিনের যুদ্ধ এবং একাধিক ফ্রন্টে দায়িত্ব পালনের কারণে সেনাদের মধ্যে মানসিক স্বাস্থ্যজনিত সমস্যাও বাড়ছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

যুদ্ধ-পরবর্তী এই মানসিক সংকট ইসরাইলি সামরিক বাহিনীর জন্য ক্রমেই বড় উদ্বেগের কারণ হয়ে উঠছে। আত্মহত্যা, পিটিএসডি, বিষণ্নতা ও অন্যান্য মানসিক সমস্যায় আক্রান্ত সেনাদের সংখ্যা বৃদ্ধির বিষয়টি দেশটির গণমাধ্যমেও গুরুত্বের সঙ্গে উঠে আসছে।