• ঢাকা
  • রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৩৬ এএম


ভারতে জরুরি অবতরণ করতে গিয়ে প্রশিক্ষণ বিমান বিধ্ব/স্ত

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৯ আগস্ট ২০২৬ ৪:১৭ পিএম

ভারতের পুনের বারামতি বিমানবন্দরে জরুরি অবতরণ করতে গিয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। রোববার (৯ আগস্ট) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দুর্ঘটনায় কেউ হতাহত হননি। তবে বিমানটির সামান্য ক্ষতি হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, রোববার দুপুর ১২টা ৩৫ মিনিটে বিমানবন্দর এলাকার ভেতরে রানওয়ে থেকে অল্প দূরে দুর্ঘটনাটি ঘটে। জরুরি অবতরণের সময় বিমানটি বিধ্বস্ত হয়।

বারামতি বিমানবন্দরের কাছে এর আগেও বড় ধরনের বিমান দুর্ঘটনা ঘটেছে। চলতি বছরের ২৮ জানুয়ারি একই বিমানবন্দরের কাছে একটি লিয়ারজেট ৪৫ বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের তৎকালীন উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারসহ পাঁচজন নিহত হন।

ওই মর্মান্তিক দুর্ঘটনায় ৬৬ বছর বয়সী এনসিপি নেতা অজিত পাওয়ারের সঙ্গে থাকা তার দেহরক্ষী, সহকারী এবং দুই ককপিট ক্রু নিহত হন। দুর্ঘটনাটির তদন্ত করছে এয়ারক্রাফট অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি)। আগামী বছরের জানুয়ারির মধ্যে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে।

এদিকে চলতি বছরের ১৩ মে বারামতির কাছেই আরেকটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছিল। গোজুবাভি গ্রামের কাছে অবতরণের ঠিক আগে বিমানটির একটি অংশ বিদ্যুতের খুঁটিতে আঘাত করলে ওই দুর্ঘটনা ঘটে। তবে ওই ঘটনায় শিক্ষানবিস পাইলট নিরাপদে বেঁচে যান।

প্রাথমিক তথ্যের ভিত্তিতে এক পুলিশ কর্মকর্তা জানান, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি কম উচ্চতায় উড়ছিল। পরে জরুরি অবতরণের সময় এক পাশের অংশ বিদ্যুতের খুঁটিতে আঘাত করে এবং বিমানটি মাটিতে আছড়ে পড়ে।

/এসএন