দিল্লির যন্তরমন্তরে তেলাপোকা জনতা পার্টি ও ছাত্র-যুবদের ৩৭ দিনের আন্দোলন প্রবল ঝাঁকুনি দিয়েছে নরেন্দ্র মোদি সরকারকে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর থেকে মোদি বারবার তরুণ প্রজন্মকে নানাভাবে আশ্বস্ত করার চেষ্টা করেছেন। এ জন্য তিনি মধ্যরাতের সেল্ফ-স্টাইল ভিডিওকে অবলম্বন করে সমাজমাধ্যমে তরুণ প্রজন্মের সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা করেছেন।
তবে এবার প্রকাশ্যে দিল্লি আইআইটির সমাবর্তন অনুষ্ঠান থেকে তরুণ প্রজন্মের উদ্দেশে বক্তব্য দিয়েছেন মোদি। তিনি বলেন, তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যৎ। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কান্ডারি তারাই। আর তাদেরকেই দেশের প্রয়োজন।
বিকশিত ভারত গড়ে তুলতে তরুণরাই যে ভরসা এবং তাদের প্রতি দেশবাসীর যে অগাধ আস্থা রয়েছে, সেই বার্তাও দেন মোদি। তিনি বলেন, ‘আপনাদের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে। আপনাদের মতো তরুণ প্রজন্মকে এ দেশের প্রয়োজন।’
জীবনের নানা চ্যালেঞ্জের কথা তুলে ধরে মোদি বলেন, পরীক্ষার একটি সিলেবাস আছে। কিন্তু জীবনের কোনো সিলেবাস নেই। জীবনের সব কিছুই ‘আউট অব দ্য সিলেবাস’।
প্রধানমন্ত্রীর ভাষায়, ‘জীবনে অনেক সমস্যা আসবে। সবাইকে সতর্ক থাকতে হবে। ক্যাম্পাসের জীবন এবং ক্যাম্পাসের বাইরের জীবনে ফারাক রয়েছে। জীবনের কোনো প্রশ্নপত্র থাকে না।’
প্রতি পদক্ষেপে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে উল্লেখ করে তিনি তরুণদের সেই চ্যালেঞ্জ গ্রহণ করে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। একই সঙ্গে শেখার মানসিকতা জাগিয়ে রাখার কথাও বলেন তিনি।
মোদি তরুণ প্রজন্মকে কোনো কিছু না বুঝে মেনে না নেওয়ার পরামর্শ দিয়ে প্রশ্ন তুলতে এবং সেই প্রশ্নের উত্তর খুঁজে নিতে বলেন।
এর আগে যন্তরমন্তরে ছাত্রদের বিক্ষোভের পরও মোদি একাধিকবার তাদের উদ্দেশে বার্তা দিয়েছিলেন। বিভিন্ন বক্তব্যে তিনি তরুণদের প্রতি আস্থার কথা তুলে ধরেছেন।
/এএসএফ