• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪৯ এএম


আগুনে পুড়ে ছাই ঘর, অক্ষত অবস্থায় মিলল কোরআন!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৮ আগস্ট ২০২৬ ৯:২৫ এএম

লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের হাড়ীভাঙ্গা মাজার এলাকায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে লাগা আগুনে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক নুর মোহাম্মদ স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক। তিনি ওই এলাকার সেকেন্দার আলীর ছেলে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়।

আগুনে ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়সহ অন্যান্য মালামাল পুড়ে যায়। এতে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার।

স্থানীয়রা জানান, আগুন লাগার সময় নুর মোহাম্মদ মাদ্রাসায় ছিলেন। তার স্ত্রী মেয়েকে নিয়ে স্কুলে গিয়েছিলেন। বাড়িটি তালাবদ্ধ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ঘরের অধিকাংশ মালামাল পুড়ে যায়।

স্থানীয়দের দাবি, ঘরের সবকিছু পুড়ে গেলেও একটি পবিত্র কোরআন অক্ষত অবস্থায় পাওয়া গেছে। বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়।

এদিকে আগুনে ক্ষতিগ্রস্ত নুর মোহাম্মদ তার পরিবারকে পুনর্বাসনের জন্য সরকার ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।

/এএসএফ