• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৫২ পিএম


১০০ বন্যার্ত পরিবারকে নতুন ঘর উপহার দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৭ আগস্ট ২০২৬ ৯:০৮ পিএম

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাম্প্রতিক ভয়াবহ বন্যায় গৃহহীন হয়ে পড়া ১০০টি পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী রোববার (৯ আগস্ট) কক্সবাজার ও চট্টগ্রাম সফরের অংশ হিসেবে বাঁশখালীতে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে এসব ঘর আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবেন তিনি।চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে নির্মিত ঘরগুলোর কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই নির্মাণকাজ সম্পন্ন করে সেগুলো ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে হস্তান্তর করা হবে।জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাঁশখালী পৌরসভা এবং উপজেলার নয়টি ইউনিয়ন থেকে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং নতুন করে ঘর নির্মাণের আর্থিক সামর্থ্য নেই—এমন ১০০টি পরিবারকে নির্বাচন করা হয়েছে। প্রতিটি ঘরের দৈর্ঘ্য ১৮ ফুট এবং প্রস্থ ১২ ফুট। প্রতিটি ঘরে দুটি কক্ষ ও একটি সংযুক্ত শৌচাগারের ব্যবস্থা রাখা হয়েছে।বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বিবেচনায় আরসিসি পিলার, কাঠ ও টিন ব্যবহার করে দুর্যোগ-সহনীয় নকশায় ঘরগুলো নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।সরকারি উদ্যোগে নতুন ঘর পাওয়ার খবরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে স্বস্তি ও আনন্দ ফিরে এসেছে। প্রধানমন্ত্রী নিজ হাতে ঘরের চাবি তুলে দেবেন—এমন প্রত্যাশায় তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।এদিকে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বাঁশখালীর বাহারছড়া সমুদ্র সৈকতসংলগ্ন অনুষ্ঠানস্থলে ব্যাপক প্রস্তুতি চলছে। চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা অনুষ্ঠানস্থল, মঞ্চ, প্যান্ডেল, নিরাপত্তা ব্যবস্থা এবং নির্মাণাধীন ঘরগুলো পরিদর্শন করেছেন।জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সার্বিক প্রস্তুতি দ্রুত এগিয়ে চলছে। একই সঙ্গে নির্মাণাধীন ঘরগুলোর মান ও স্থায়িত্ব নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে নির্ধারিত সময়ের মধ্যেই সব কাজ সম্পন্ন করা যায়।

/বিএসএস