• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৫০ পিএম


চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের পারিবারিক বাসভবনে অগ্নি/সংযোগ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৭ আগস্ট ২০২৬ ৬:০৭ পিএম

চট্টগ্রামের পাঁচলাইশ থানার চশমাহিল এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের পারিবারিক বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে কয়েকজন দুর্বৃত্ত বাসভবনে আগুন ধরানোর চেষ্টা করে। একপর্যায়ে বাড়ির সামনে থাকা একটি পাইপলাইনে আগুন ধরে যায়। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এলে দুর্বৃত্তরা সেখান থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নওফেলের ভাই অভিযোগ করেন, তাদের বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছিল।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহেদুল ইসলাম জানান, সিসিটিভি ফুটেজে রাত ২টার দিকে সাতজন তরুণ-যুবককে বাড়ির সামনে দেখা গেছে। তারা আগুন ধরানোর চেষ্টা করে এবং বাসার সামনের একটি পাইপলাইনে আগুন ধরে যায়। স্থানীয়রা এগিয়ে এলে তারা ঘটনাস্থল ত্যাগ করে।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি অংশ নিয়েছিলেন মহিবুল হাসান চৌধুরী নওফেল। স্থানীয়দের ধারণা, ওই ঘটনার জের ধরেই তার পারিবারিক বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এদিকে একই সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হওয়ার পর জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরার বাড়িতেও আগুন দেওয়ার ঘটনা ঘটে। জুলাই গণ-অভ্যুত্থানের পর ওই বাড়িতে একাধিকবার হামলার ঘটনা ঘটেছে। এরপর থেকে বাড়িটি খালি পড়ে রয়েছে। অন্তর্বর্তী সরকারের আমলেও বাড়িটিতে কয়েক দফা হামলার ঘটনা ঘটে।

/এসএন