• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পিএম


এক স্মার্টফোনেই ৩৮ অনলাইন ক্যা/সিনো অ্যাপ, ডিবির অভি/যানে গ্রে/প্তার যুবক

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৭ আগস্ট ২০২৬ ১:৪৭ পিএম

একটি স্মার্টফোন ব্যবহার করে নিজের নামে নিবন্ধিত ৩৮টি অনলাইন ক্যাসিনো অ্যাপের মাধ্যমে জুয়ার বিশাল নেটওয়ার্ক পরিচালনার অভিযোগে খোরশেদ আলী (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মালিগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। খোরশেদ আলী ওই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে খোরশেদ আলীকে আটক করার পর তার ব্যবহৃত স্মার্টফোনটি জব্দ করা হয়। পরে প্রাথমিক ডিজিটাল ফরেনসিক পরীক্ষায় ফোনে ৩৮টি অনলাইন ক্যাসিনো-সংশ্লিষ্ট অ্যাপের অস্তিত্ব পাওয়া যায়। অভিযোগ রয়েছে, এসব অ্যাপের মাধ্যমে তিনি ইন্টারনেটভিত্তিক জুয়ার কার্যক্রম পরিচালনা করতেন।

তদন্তে আরও জানা যায়, বিভিন্ন অনলাইন পোর্টাল, ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ ব্যবহার করে নিজের নামে তৈরি ক্যাসিনো আইডির মাধ্যমে তিনি অনলাইন জুয়ার নেটওয়ার্ক পরিচালনা করতেন।

ডিবির তদন্তে উঠে এসেছে, খোরশেদ আলী শুধু নিজে অনলাইন জুয়ার সঙ্গে যুক্ত ছিলেন না, বরং স্থানীয় বহু তরুণ ও সাধারণ মানুষকে এ ধরনের ক্যাসিনো কার্যক্রমে সম্পৃক্ত করতেন। তার কার্যক্রমের কারণে অনেকেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নানা প্রলোভনে পড়ে অনলাইন জুয়ার সঙ্গে জড়িয়ে বহু পরিবার আর্থিক সংকটে পড়েছে। এমনকি ঋণের বোঝা সহ্য করতে না পেরে আত্মহত্যার মতো ঘটনাও ঘটেছে বলে তারা দাবি করেন। খোরশেদের গ্রেপ্তারের পর স্থানীয়রা সন্তোষ প্রকাশ করে অনলাইন জুয়াসহ এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ গোলাম রসুল বলেন, মাদকের মতো অনলাইন ক্যাসিনোও সমাজের জন্য বড় অভিশাপ। তাই মাদক ও অনলাইন জুয়াসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে এবং অপরাধী যে-ই হোক, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এ ঘটনায় খোরশেদ আলীর বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

/এসএন