• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:০১ এএম


বাবার মৃ/ত্যুবার্ষিকীতে মেয়েকে নিয়ে কবর জিয়ারত করলেন জুবাইদা রহমান

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৬ আগস্ট ২০২৬ ৯:৫৪ পিএম

সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী এবং বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদন ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার কন্যা, প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মাহবুব আলী খানের নাতনি ব্যারিস্টার জাইমা রহমান।

পরিবারের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত, মিলাদ মাহফিল, দোয়া ও আলোচনা সভাসহ দেশ-বিদেশে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।

এছাড়া বৃহস্পতিবার বাদ মাগরিব রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত তার বাসভবন ‘মাহবুব ভবনে’ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ১৯৭৯ সালে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকারের মন্ত্রিসভায়ও দায়িত্ব পালন করেন। ১৯৮৪ সালের ৬ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন।

মাহবুব আলী খান বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুর। তার স্ত্রী সৈয়দ ইকবাল মন্দ বানু। তাদের দুই মেয়ে হলেন শাহিনা খান জামান ও ডা. জুবাইদা রহমান।

/এসএন