জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মিথ্যা অভিযোগে মানহানির প্রতিবাদে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইনকে আইনি নোটিশ দিয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।পোস্টে আসিফ মাহমুদ দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই পরাজিত ফ্যাসিস্ট শক্তি এবং রাজনৈতিক স্বার্থে কিছু স্বার্থান্বেষী মহল ধারাবাহিকভাবে গণঅভ্যুত্থানের নেতাদের বিরুদ্ধে অপপ্রচার ও চরিত্রহননের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, গত দুই বছর ধরে তাকেও বিভিন্ন ধরনের অপবাদ ও অপপ্রচারের শিকার হতে হয়েছে। তবে এখন পর্যন্ত তার বিরুদ্ধে কেউ কোনো সুনির্দিষ্ট অভিযোগ বা প্রমাণ উপস্থাপন করতে পারেনি।পোস্টে আরও বলা হয়, কয়েকদিন আগে একটি জনসম্মুখের অনুষ্ঠানে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন অভিযোগ করেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদস্য হওয়ার জন্য আসিফ মাহমুদ তার কাছে তিন কোটি টাকা দাবি করেছেন।এই অভিযোগ প্রকাশ্যে আসার পর আসিফ মাহমুদের পক্ষ থেকে কয়েক দফা বীথিকা বিনতে হোসাইনের সঙ্গে যোগাযোগ করা হয়। অভিযোগের পক্ষে কোনো প্রমাণ আছে কি না এবং কে, কার কাছ থেকে অর্থ দাবি করেছে—এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য জানতে চাওয়া হয়।আসিফ মাহমুদের দাবি, বীথিকা বিনতে হোসাইন একাধিকবার তথ্য দেওয়ার আশ্বাস দিলেও শেষ পর্যন্ত কোনো প্রমাণ বা নির্দিষ্ট তথ্য দিতে পারেননি। পরে তিনি জানান, ‘আমাকে তো এমনটাই বলা হয়েছে।’ এরপরও তথ্য দেওয়ার কথা বললেও পরবর্তীতে আর কোনো যোগাযোগ করেননি।ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ বলেন, এসব ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি মনে করেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার চরিত্রহননের লক্ষ্যেই ওই বক্তব্য দেওয়া হয়েছে। এ কারণেই মিথ্যা অভিযোগে মানহানির প্রতিবাদে তিনি বীথিকা বিনতে হোসাইনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন।
/বিএসএস