• ঢাকা
  • রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:২৫ এএম


অসুস্থ পাহাড়ী কলেজছাত্রীর পাশে বাংলাদেশ সেনাবাহিনী, দিল চিকিৎসা সহায়তা!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৫ আগস্ট ২০২৬ ৮:২৩ এএম

পাহাড়ে মানবিকতার আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভোগা কলেজছাত্রী ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় স্বেচ্ছাসেবী মেথেনি চাকমার চিকিৎসার দায়িত্ব নিয়ে তাকে আর্থিক ও পরিবহন সহায়তা দিয়েছে সেনাবাহিনী।

জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য মেথেনি চাকমার চট্টগ্রামে যাওয়ার প্রয়োজন হলেও অর্থাভাবে তিনি সেখানে যেতে পারছিলেন না। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি পোস্ট গুইমারা রিজিয়নের নজরে এলে তাৎক্ষণিকভাবে মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।

গুইমারা রিজিয়নের অধীন সিন্দুকছড়ি জোনের জালিয়াপাড়া ক্যাম্প থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়। সেনাবাহিনী মেথেনি চাকমার চিকিৎসার সার্বিক দায়িত্ব গ্রহণের পাশাপাশি তাকে দ্রুত চট্টগ্রামে নেওয়ার জন্য একটি সরকারি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে।

এ ছাড়া চিকিৎসা কার্যক্রম শুরু করতে প্রাথমিক সহায়তা হিসেবে তার হাতে ১০ হাজার টাকা তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগে মেথেনি চাকমা ও তার পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা বলেন, সংকটের এই সময়ে সেনাবাহিনীর আন্তরিকতা, সহমর্মিতা ও মানবিক সহযোগিতা তাদের নতুন করে আশা জুগিয়েছে।

/এএসএফ