• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:২০ পিএম


৬ আগস্ট থেকে সবার জন্য খুলছে জুলাই স্মৃতি জাদুঘর, লাগবে অনলাইন বুকিং !

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৫ আগস্ট ২০২৬ ৮:১৯ এএম

আগামী ৬ আগস্ট থেকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। তবে দর্শনার্থীদের নির্ধারিত সময় অনুযায়ী অনলাইনে আগাম বুকিং করে প্রবেশ করতে হবে।

মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ে জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা।

সংবাদ সম্মেলনে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী ও প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, আগামী ৫ আগস্ট প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। উদ্বোধনের পর সাংবাদিকদের জন্য জাদুঘরটি পরিদর্শনের বিশেষ সময় বরাদ্দ থাকবে, যাতে তারা ঘুরে দেখে প্রতিবেদন প্রস্তুত করতে পারেন। একই দিন জাদুঘরটি শুধুমাত্র শহীদ পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে।

তিনি আরও বলেন, ৬ আগস্ট থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য জাদুঘরটি খুলে দেওয়া হবে। তবে একসঙ্গে অতিরিক্ত মানুষের প্রবেশে ব্যবস্থাপনায় জটিলতা এড়াতে সময়ভিত্তিক প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে। আগ্রহীদের অনলাইনে আবেদন করে নির্ধারিত সময়ের স্লট নিশ্চিত করতে হবে। সেই স্লট অনুযায়ীই তারা জাদুঘরে প্রবেশ করতে পারবেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে নতুন দেশাত্মবোধক গান সৃষ্টির লক্ষ্যে আয়োজিত প্রতিযোগিতায় শতাধিক গান জমা পড়ে। যাচাই-বাছাই শেষে ২০টি গান পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। আগামী ৫ আগস্ট রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত কনসার্টে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে। পাশাপাশি নির্বাচিত প্রথম তিনটি গান মঞ্চে পরিবেশন করা হবে।

/এএসএফ