• ঢাকা
  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:২০ এএম


লাইনচ্যুত সিল্কসিটি এক্সপ্রেসের বগি, ৬ ঘণ্টা ৪৫ মিনিট বন্ধ ছিল ঢাকার সাথে উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৫ আগস্ট ২০২৬ ৮:১৬ এএম

সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিমপাড়ে শহীদ এম. মনসুর আলী স্টেশনে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত হওয়া বগি উদ্ধার এবং ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের পর প্রায় ৬ ঘণ্টা ৪৫ মিনিট পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার পর থেকে যমুনা সেতুর পূর্ব ও পশ্চিমপাড়ের বিভিন্ন স্থানে আটকে থাকা ট্রেনগুলো পর্যায়ক্রমে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।

এর আগে মঙ্গলবার সকাল ১১টা ৫৫ মিনিটের দিকে রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি যমুনা সেতুর পশ্চিমপাড়ের শহীদ এম. মনসুর আলী স্টেশনে পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ প্রায় ৬ ঘণ্টা ৪৫ মিনিট বন্ধ থাকে।

ঘটনার কারণে নীলসাগর এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, বুড়িমারী এক্সপ্রেস, চিলাহাটি এক্সপ্রেসসহ অন্তত ১০টি যাত্রীবাহী ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। কয়েক হাজার যাত্রীকে দীর্ঘ সময় ভোগান্তি পোহাতে হয়। বৃষ্টির কারণে তাদের দুর্ভোগ আরও বেড়ে যায়।

প্রত্যক্ষদর্শী যাত্রী আব্দুর রহমান জানান, জামতৈল স্টেশন অতিক্রম করার পর থেকেই একটি বগির চাকা লাইনচ্যুত হয়েছিল। তবে চালক তা বুঝতে না পেরে ট্রেন চালিয়ে যান। শহীদ এম. মনসুর আলী স্টেশনে পৌঁছানোর পর বগিটির একটি চাকা খুলে রেললাইনের বাইরে ছিটকে পড়ে এবং অন্যটি ভেঙে লাইনের সঙ্গে আটকে যায়। এতে ট্রেনটি ঝাঁকুনি দিয়ে থেমে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পাকশী বিভাগীয় রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ আহমেদ জানান, খবর পেয়ে পাবনার পাকশী থেকে উদ্ধারকারী ট্রেন দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থলে পৌঁছে। বিকেল ৪টার দিকে ক্ষতিগ্রস্ত বগিটি সরানো হয়। পরে রেললাইন মেরামতের কাজ শেষ হলে সন্ধ্যা পৌনে ৬টার পর ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।

পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই বগিটি লাইনচ্যুত হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোশাররফ হোসেন ভূঁইয়াকে আহ্বায়ক করে গঠিত কমিটির সদস্যরা হলেন—বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী-২ নাজিব কায়সার, যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) রবিউল ইসলাম, যান্ত্রিক প্রকৌশলী (লোকো) শেখ আসিফ আহমেদ এবং সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী (টেলিকম) আহমেদ ইশতিয়াক জহর তানিম।

এদিকে ট্রেন চলাচল বন্ধ থাকায় সময়সূচিতে ব্যাপক বিপর্যয় দেখা দেয়। শহীদ এম. মনসুর আলী স্টেশনের সহকারী ইনচার্জ হাফিজুর রহমান বলেন, দীর্ঘ বিলম্বের কারণে অনেক যাত্রী টিকিট ফেরত দিয়ে ভাড়ার টাকা গ্রহণ করেছেন। এ অনাকাঙ্ক্ষিত ভোগান্তির জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।

/এএসএফ