সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের অফিশিয়াল ডিজিটাল প্ল্যাটফর্ম ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে সম্পূর্ণ বিনা খরচে ওমরাহ পালনের সুযোগ দেওয়া হচ্ছে। গত ১ নভেম্বর থেকে শুরু হওয়া মাসব্যাপী বিশেষ এই প্রতিযোগিতা চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। নভেম্বর মাসের প্রতিদিনই প্রতিযোগীদের জন্য থাকছে ওমরাহ প্যাকেজ জেতার সুযোগ।
লটারির মাধ্যমে নির্বাচিত বিজয়ীদের ওমরাহ পালনের যাবতীয় ব্যয় বহন করবে সৌদি সরকার। আকর্ষণীয় এই প্যাকেজের আওতায় থাকছে কয়েকটি বিশেষ সুবিধা।
বিনা মূল্যে বিমান টিকিট: বিজয়ীরা নিজ দেশ থেকে সৌদি আরবে যাওয়া ও ফিরে আসার জন্য সম্পূর্ণ বিনা মূল্যে বিমান টিকিট পাবেন।
ভিসা প্রসেসিং: ওমরাহ ভিসার ফি এবং এ-সংক্রান্ত সরকারি প্রক্রিয়ার যাবতীয় খরচও বহন করা হবে।
আবাসন সুবিধা: মক্কা ও মদিনায় ১০ রাত থাকার ব্যবস্থা থাকবে। এ সময়ের হোটেল খরচও প্যাকেজের অন্তর্ভুক্ত।
সঙ্গে নেওয়া যাবে একজনকে: এবারের বিশেষ অফারের অন্যতম আকর্ষণ হলো, প্রতিদিনের বিজয়ী নিজের সঙ্গে পরিবারের কোনো সদস্য অথবা পছন্দের অন্য একজনকে বিনা খরচে ওমরাহ পালনের জন্য নিয়ে যেতে পারবেন।
জমজমের পানির উপহার: প্রতিদিন লটারির মাধ্যমে আরও ১০ জন বিজয়ীকে জমজমের পানির ২০টি করে বিশেষ কার্ড দেওয়া হবে। এর মধ্যে ১০টি কার্ড বিজয়ী নিজের জন্য ব্যবহার করতে পারবেন এবং বাকি ১০টি অন্যদের উপহার দিতে পারবেন।
নুসুক অ্যাপের কুইজ প্রতিযোগিতায় অংশ নেওয়ার নিয়ম
বিশ্বের যেকোনো দেশের ১৮ বছর বা তার বেশি বয়সি মুসলিম ব্যবহারকারীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। এ জন্য কয়েকটি সহজ ধাপ অনুসরণ করে আবেদন করতে হবে।
১. অ্যাপ ডাউনলোড: প্রথমে স্মার্টফোনে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের অফিশিয়াল ‘নুসুক’ অ্যাপ ডাউনলোড করতে হবে।
২. অ্যাকাউন্ট নিবন্ধন: অ্যাপে প্রবেশ করে নিজের নাম, ইমেইল ঠিকানা, দেশের নাম এবং বৈধ পাসপোর্ট নম্বর দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে। এরপর ইমেইলে পাঠানো ওটিপি কোড ব্যবহার করে অ্যাকাউন্ট যাচাই করতে হবে।
৩. চ্যালেঞ্জ সেকশনে প্রবেশ: অ্যাপের মেন্যু থেকে ‘গেম সেন্টার’ অথবা ‘নুসুক চ্যালেঞ্জ’ অপশনে যেতে হবে।
৪. দৈনিক কুইজের উত্তর দেওয়া: সেখানে পবিত্র কোরআন, নবীজির সিরাত, ওমরাহ পালনের নিয়মকানুন এবং ইসলামি ইতিহাসসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন থাকবে। প্রতিযোগীকে একটি বিষয় নির্বাচন করে ডিজিটাল চাবি সংগ্রহ করতে হবে। এরপর বহুনির্বাচনি প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে হবে। উত্তর সঠিক হলে প্রতিযোগীর নাম স্বয়ংক্রিয়ভাবে ওই দিনের লটারির তালিকায় যুক্ত হয়ে যাবে।
৫. জয়ের সম্ভাবনা বাড়ানোর সুযোগ: নিজের ইনভাইট কোড ব্যবহার করে বন্ধু কিংবা পরিবারের সদস্যদের অ্যাপে আমন্ত্রণ জানালে অতিরিক্ত চাবি পাওয়া যাবে। এর ফলে লটারিতে জেতার সুযোগ বাড়বে।
প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই নুসুকের অফিশিয়াল অ্যাপ অথবা যাচাইকৃত মাধ্যম ব্যবহার করতে হবে। ভুয়া ওয়েবসাইট কিংবা অননুমোদিত লিংকে প্রবেশ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
তবে প্রতিযোগিতায় অংশ নিলেই ওমরাহ প্যাকেজ বা অন্য কোনো পুরস্কার নিশ্চিত হবে না। কারণ, লটারির মাধ্যমেই বিজয়ীদের নির্বাচন করা হবে।
/এসএন