• ঢাকা
  • শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পিএম


বিচ্ছেদের গুঞ্জন ছাপিয়ে এবার মনীশ মালহোত্রার পার্টিতে একসঙ্গে ঐশ্বরিয়া-অভিষেক

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৭ নভেম্বর ২০২৬ ৭:২৬ পিএম


বিচ্ছেদ নিয়ে নানা জল্পনা-কল্পনার মধ্যে এবার একসঙ্গে দেখা গেল বলিউড তারকা দম্পতি ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনকে। প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার দীপাবলি পার্টিতে হাতে হাত রেখে হাজির হন তারা। সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়ার পরনে ছিল সোনালি পাড়ের উজ্জ্বল লাল শাড়ি, আর অভিষেককে দেখা যায় কালো শেরওয়ানিতে। অনুষ্ঠানে তাদের উপস্থিতি এবং একসঙ্গে কাটানো মুহূর্তের ছবি ও ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে বলিউডে দীপাবলির উৎসবের আমেজ ছিল বেশ জমজমাট। এ উপলক্ষে নিজের বাড়িতে বর্ণাঢ্য পার্টির আয়োজন করেন মনীশ মালহোত্রা। অনুষ্ঠানে বলিউডের অনেক নামী তারকা উপস্থিত ছিলেন। তবে পুরো আয়োজনের সবচেয়ে আলোচিত অতিথিদের মধ্যে ছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন।

তারকা এই দম্পতি হাতে হাত রেখে অনুষ্ঠানে প্রবেশ করেন। তাদের একসঙ্গে দেখে উপস্থিত ব্যক্তিদের নজর যেমন আকৃষ্ট হয়, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয় আলোচনা। উজ্জ্বল লাল শাড়িতে সজ্জিত ঐশ্বরিয়াকে স্বামী অভিষেকের হাত ধরে ভালোবাসাপূর্ণ ভঙ্গিতে পোজ দিতে দেখা যায়। দীর্ঘদিন পর তাদের এভাবে একসঙ্গে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন ভক্ত-অনুরাগীরা।

অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্তে কখনো অভিষেকের কাছাকাছি দাঁড়িয়ে, আবার কখনো তার বাহুডোরে হাসিমুখে দেখা যায় ঐশ্বরিয়াকে। বিশেষ আয়োজনের জন্য সাবেক বিশ্বসুন্দরী বেছে নিয়েছিলেন সোনালি সুতার সূক্ষ্ম কারুকাজ করা উজ্জ্বল লাল শাড়ি। লাল লিপস্টিক ও ঐতিহ্যবাহী সাজে তাকে দারুণ দেখাচ্ছিল। অন্যদিকে কালো শেরওয়ানিতে নজর কাড়েন অভিষেক বচ্চনও।

সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ছবি প্রকাশের পরপরই ভক্ত ও নেটিজেনদের নানা মন্তব্যে ভরে ওঠে পোস্টগুলো। দুজনকে একসঙ্গে হাত ধরে হাসতে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন অনেকে।

এক নেটিজেন মন্তব্য করেন, তাদের ওপর যেন কারও কুদৃষ্টি না পড়ে। অন্য একজন প্রশংসা করে লেখেন, বহু বছর পর এমন দৃশ্য দেখলেন তিনি।

অনেকেই ঐশ্বরিয়ার লাল শাড়ির সাজেরও প্রশংসা করেছেন। দীর্ঘদিন পর এই তারকা জুটিকে একসঙ্গে এমন আনন্দময় মুহূর্তে দেখে ভক্তদের অনেকে মন্তব্য করেছেন, তাদের এভাবেই একসঙ্গে সুখে থাকা উচিত।

উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই ঐশ্বরিয়া ও অভিষেকের দাম্পত্য জীবন নিয়ে নানা আলোচনা ও গুঞ্জন চলছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের মধ্যে মতবিরোধ এবং বিবাহবিচ্ছেদের সম্ভাবনা নিয়েও জল্পনা ছড়িয়ে পড়ে। তবে এ বিষয়ে দুজনের কেউই আনুষ্ঠানিকভাবে কোনো খবর নিশ্চিত করেননি।

/এসএন