সোমবার (৩ আগস্ট) কাবেরী নদীর পানিবণ্টন ইস্যুতে আয়োজিত এক জনসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি ওই বিতর্কিত মন্তব্য করেন। এ ঘটনায় মামলা দায়েরের পর মঙ্গলবার (৪ আগস্ট) তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেন্নাইয়ে ডিএমকে নেতার বাসভবনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে গ্রেপ্তার এড়াতে উদয়নিধি স্ট্যালিন মাদ্রাজ হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন। তার সেই আবেদনের শুনানি মঙ্গলবার বিকেলেই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, জনসভায় কাবেরী নদীর পানি আনার বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের সমালোচনা করছিলেন উদয়নিধি স্ট্যালিন। এ সময় উপস্থিত জনতার একটি অংশ ‘তৃষা, তৃষা’ বলে স্লোগান দিলে তিনি একটি দ্ব্যর্থবোধক ও যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন।
এ ঘটনার পর ক্ষমতাসীন দল টিভিকে (টামিঝাগা ভেত্রি কাজাগাম) তার বক্তব্যের তীব্র নিন্দা জানায়। দলটির নেতা আধব অর্জুন উদয়নিধিকে ‘অশ্লীল নিধি’ বলে অভিহিত করে অভিযোগ করেন, এ ধরনের বক্তব্য রাজনৈতিক আলোচনার মান ক্ষুণ্ন করার পাশাপাশি নারীদেরও অপমান করেছে।
উদয়নিধি স্ট্যালিনের মন্তব্যের কড়া সমালোচনা করেছে তামিলনাড়ুর প্রায় সব রাজনৈতিক দল। ক্ষমতাসীন দলের প্রতিনিধিরা এ বক্তব্যকে নারীদের প্রতি অত্যন্ত কুরুচিকর, অবমাননাকর ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন।
/এসএন