• ঢাকা
  • বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ০৬:৫৫ পিএম


বিজয় সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানচেষ্টা নস্যাৎ, তামিলনাড়ুতে গ্রেপ্তার ৩

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১ জুলাই ২০২৬ ৮:১৮ পিএম

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে সরকারের বিরুদ্ধে কথিত সরকার উৎখাতের ষড়যন্ত্র নস্যাৎ করার দাবি করেছে রাজ্যটির গোয়েন্দা বিভাগ। সরকার গঠনের দুই মাস পূর্ণ হওয়ার আগেই এমন অভিযোগ সামনে আসায় রাজ্যের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পরিকল্পনা ছিল টিভিকের ১৫ জন বিধায়ককে (এমএলএ) একযোগে পদত্যাগে রাজি করিয়ে সরকারের সংখ্যাগরিষ্ঠতা নষ্ট করা।

এক টিভিকে বিধায়কের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের অংশ হিসেবে একটি কনসালটেন্সি প্রতিষ্ঠানের এক কর্মীকে প্রথমে চেন্নাই থেকে গ্রেপ্তার করা হয়। পরে করুর জেলা থেকে আরও দুজনকে আটক করা হয়েছে। তদন্তকারীরা এই ঘটনার পেছনে আরও বড় কোনো নেটওয়ার্ক রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন।

ঘটনার সূত্রপাত উথাঙ্গারাই কেন্দ্রের টিভিকে বিধায়ক এন. এলাইয়ারাজার অভিযোগ থেকে। চেন্নাই পুলিশের কাছে দেওয়া অভিযোগে তিনি জানান, আইপিডিএস নামের একটি কনসালটেন্সি প্রতিষ্ঠানের প্রতিনিধি তাকে ৩৫ কোটি রুপি দেওয়ার প্রস্তাব দেন। বিনিময়ে তামিলনাড়ু বিধানসভার স্পিকার এবং টিভিকে নেতা জেসিডি প্রভাকরের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব সমর্থনের আহ্বান জানানো হয়।

অভিযোগে আরও বলা হয়, প্রস্তাব প্রত্যাখ্যান করার পর তাকে ভয়ভীতি দেখানো হয় এবং বিষয়টি কাউকে না জানানোর জন্য সতর্ক করা হয়।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের একজনের সঙ্গে ডিএমকের বিধায়ক সেথিল বালাজি ও তার ভাই অশোকের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ গঠন করা হয়নি।

এ ঘটনায় ডিএমকের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলেছেন তামিলনাড়ুর মন্ত্রী সি টি নির্মল কুমার। তিনি দাবি করেন, সেথিল বালাজির ঘনিষ্ঠ ব্যক্তি এবং তথাকথিত ‘করুর গ্যাং’-এর সদস্যরা এই ষড়যন্ত্রে জড়িত। তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

নির্মল কুমারের অভিযোগ, ডিএমকে অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্র কাজাগমের (এআইএডিএমকে) নেতা এডাপ্পাড়ি কে. পালানিস্বামীর সঙ্গে যোগসাজশ করে বিজয় সরকারের পতনের চেষ্টা করছে। তার দাবি, টিভিকের একাধিক বিধায়ককে দলত্যাগে উৎসাহিত করতে ১০ কোটি থেকে ৫০ কোটি রুপি পর্যন্ত প্রস্তাব দেওয়া হয়েছে।

তবে এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছে ডিএমকে। দলের মুখপাত্র এ. সারাভানন বলেন, তদন্তের তথ্য ইচ্ছাকৃতভাবে ফাঁস করে জনমত প্রভাবিত করার চেষ্টা করছে টিভিকে সরকার। তার ভাষায়, যদি সরকারের হাতে সেথিল বালাজির বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ থাকে, তাহলে তাকে গ্রেপ্তার করেই তা প্রমাণ করা উচিত।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, থালাপতি বিজয় ও সাবেক ডিএমকে মন্ত্রী সেথিল বালাজির রাজনৈতিক সম্পর্ক দীর্ঘদিন ধরেই উত্তপ্ত। করুর জেলায় বিজয়ের এক নির্বাচনী সমাবেশে পদদলিত হয়ে হতাহতের ঘটনার পর তিনি অভিযোগ করেছিলেন, রাজনৈতিকভাবে তাকে হেয় করতেই ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছিল এবং এর পেছনে সেথিল বালাজির ভূমিকা ছিল। যদিও বালাজি সেই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন।

সূত্র: এনডিটিভি

/এএসএফ