• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০৭:৪৩ এএম


‘জন নায়গন’ থেকে বিজয়ের আয় প্রায় ৩০০ কোটি টাকা, পারিশ্রমিকে নতুন রেকর্ড

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৫ জুলাই ২০২৬ ৯:২৮ এএম

থালাপতি বিজয়ের অভিনয়জীবনের ‘বিদায়ী সিনেমা’ হিসেবে পরিচিত ‘জন নায়গন’ শুক্রবার বিশ্বব্যাপী মুক্তির পর থেকেই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। তবে সিনেমাটির অ্যাকশন ও ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি সবচেয়ে বেশি আলোচনায় এসেছে এর অভিনয়শিল্পীদের পারিশ্রমিক। ভারতের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী ও অভিনেতা বিজয় এই সিনেমা থেকে যে পারিশ্রমিক পেয়েছেন, তা ভারতীয় চলচ্চিত্র শিল্পের আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

প্রতিবেদন অনুযায়ী, ‘জন নায়গন’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য বিজয় প্রায় বাংলাদেশি মুদ্রায় ৩০০ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন। বলা হচ্ছে, এই অর্থ তাকে সরাসরি পারিশ্রমিক হিসেবে দেওয়া হয়েছে এবং ছবির মুনাফার অংশীদার হওয়ার কোনো চুক্তি তার সঙ্গে ছিল না। তবে এ বিষয়ে নির্মাতা বা বিজয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়া হয়নি।

সিনেমাটি পরিচালনা করেছেন এইচ. বিনোথ। জানা গেছে, এ ছবি পরিচালনার জন্য তিনি ৩০ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন, যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ পারিশ্রমিক।

ছবিটির সংগীত পরিচালনার দায়িত্বে ছিলেন অনিরুদ্ধ রবিচন্দর। এর আগে ‘জওয়ান’, ‘লিও’‘জেলার’-এর মতো সফল সিনেমার সংগীত পরিচালনা করা এই সুরকার ‘জন নায়গন’-এর জন্য ১৫ কোটি টাকা নিয়েছেন বলে দাবি করা হচ্ছে।

ছবির নায়িকা পূজা হেগড়ে। প্রতিবেদনে বলা হয়েছে, ‘জন নায়গন’-এ অভিনয়ের জন্য তিনি ১০ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন। দক্ষিণ ভারতীয় সিনেমার পাশাপাশি বলিউডেও তিনি পরিচিত মুখ।

এ ছাড়া ছবির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন ববি দেওল। তার পারিশ্রমিক ১২ কোটি টাকার মধ্যে বলে জানা গেছে। অন্য অভিনয়শিল্পীদের মধ্যে প্রকাশ রাজ পেয়েছেন ৭ কোটি টাকা, প্রিয়ামণি ৫ কোটি টাকা এবং গৌতম বাসুদেব মেনন পেয়েছেন ৫ কোটি টাকা

চলচ্চিত্রসংশ্লিষ্টদের মতে, ‘জন নায়গন’ বিজয়ের অভিনয়জীবনের শেষ সিনেমা হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ, অভিনয় ছেড়ে তিনি এখন পুরোপুরি রাজনীতিতে মনোযোগ দিচ্ছেন। পলিটিক্যাল অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিনেমার বাজেট প্রায় ৫০০ কোটি টাকা বলে জানা গেছে।

মুক্তির প্রথম দিনেই সিনেমাটি অগ্রিম বুকিংয়ে বড় ধরনের রেকর্ড গড়েছে। দেশে প্রি-সেলস (ব্লক করা আসনসহ) থেকেই আনুমানিক ৩০ কোটি টাকা আয় করেছে ছবিটি। আর মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী সিনেমাটির আয় ১০৭ থেকে ১১২ কোটি টাকার মধ্যে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। একই সময়ে দেশের বক্স অফিস থেকে প্রায় ৭০ কোটি টাকা আয় করেছে বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এখন দেখার বিষয়, থালাপতি বিজয়ের অভিনয়জীবনের শেষ সিনেমা হিসেবে আলোচিত ‘জন নায়গন’ শেষ পর্যন্ত বক্স অফিসে কতটা বাণিজ্যিক সাফল্য অর্জন করতে পারে।

/এসএন