• ঢাকা
  • বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ০৭:৫০ পিএম


ওমানের সঙ্গে আলোচনা চললেও এখনই খুলছে না হরমুজ প্রণালি: ইরান

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৫ আগস্ট ২০২৬ ৬:০৭ পিএম

ওমানের সঙ্গে ভবিষ্যতে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে আলোচনা চললেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথ এখনই পুনরায় চালু করা হচ্ছে না বলে জানিয়েছে ইরান।ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এক সূত্রের বরাতে জানিয়েছে, এ বিষয়ে সম্ভাব্য সমঝোতা নিয়ে আলোচনা কেবল তেহরান ও মাসকটের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। এই প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি করা হয়েছে।সূত্রটির ভাষ্য অনুযায়ী, ভবিষ্যতে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল সংক্রান্ত কোনো সম্ভাব্য চুক্তি হলেও সেটির সঙ্গে প্রণালিটি তাৎক্ষণিকভাবে খুলে দেওয়ার কোনো সম্পর্ক নেই। ইরানের অভিযোগ অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ‘লঙ্ঘন’ অব্যাহত থাকা পর্যন্ত ওমানের সঙ্গে সমঝোতা হলেও হরমুজ প্রণালি বন্ধই থাকবে।প্রতিবেদনে আরও বলা হয়েছে, হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়টি যুক্তরাষ্ট্রের আচরণের পরিবর্তন এবং ইরানের অভিযোগ অনুযায়ী আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘনের বিষয়গুলো সংশোধনের ওপর নির্ভর করছে। অর্থাৎ, ওয়াশিংটনের অবস্থানে পরিবর্তন না এলে এই গুরুত্বপূর্ণ নৌপথ পুনরায় চালুর সম্ভাবনা নেই।এর আগে ইরানের কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, যুক্তরাষ্ট্র আলোচনায় হস্তক্ষেপ বন্ধ করলে ওমানের রাজধানী মাস্কাটের সঙ্গে নতুন একটি নৌ-চলাচল করিডোর নিয়ে সমঝোতার কাছাকাছি পৌঁছেছে তেহরান। আইআরআইবির সর্বশেষ প্রতিবেদনটি ওই দাবির পরপরই প্রকাশ করা হয়েছে।ইরানি কর্মকর্তারা দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছেন, যুক্তরাষ্ট্র সামরিক হুমকি ও চাপ প্রয়োগের মাধ্যমে আলোচনা প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করছে এবং সম্ভাব্য চুক্তি বাস্তবায়নে বিলম্ব ঘটানোর চেষ্টা করছে।

সূত্র: আল-জাজিরা

/বিএসএস