২০১৮ সালের ফিফা বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের সদস্য ছিলেন লেফট ফুলব্যাক বেঞ্জামিন মেন্দি। এবার ফিফার কাছ থেকে পাওয়া বিশ্বকাপ ট্রফির অফিশিয়াল রেপ্লিকা (প্রতিকৃতি) বিক্রি করে ব্যাপক বিতর্কের মুখে পড়েছেন এই ফরাসি ডিফেন্ডার।
জানা গেছে, ক্রীড়া স্মারক নিলামের জন্য পরিচিত মার্কিন নিলাম প্রতিষ্ঠান গোল্ডিন-এর মাধ্যমে ট্রফিটির রেপ্লিকা নিলামে তোলেন মেন্দি। ‘গ্লোবাল ফুটবল অকশন পার্ট ২’ শিরোনামের ওই নিলামে বিশ্বকাপ ট্রফির প্রতিকৃতিটি ৬২ হাজার মার্কিন ডলারে, অর্থাৎ প্রায় ৫৪ হাজার ইউরোতে বিক্রি হয়।
বিশ্বকাপের মতো ঐতিহাসিক একটি স্মারক বিক্রির সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পর ফুটবলপ্রেমী ও বিভিন্ন সংবাদমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। তবে এসব সমালোচনায় বিচলিত না হয়ে সামাজিক যোগাযোগমাধ্যম স্ন্যাপচ্যাটে নিজের অবস্থান তুলে ধরেন ২৯ বছর বয়সী এই ফুটবলার।
সমালোচকদের উদ্দেশে মেন্দি বলেন, ‘এই ট্রফিটা কি আমার, নাকি আপনাদের? শেষ পর্যন্ত এটা আমারই সম্পত্তি, তাই আমি এটা দিয়ে কী করবো, সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার।’
এরপর ব্যঙ্গাত্মক সুরে তিনি আরও মন্তব্য করেন। ফ্রান্সের সংবাদমাধ্যম আরএমসি-এর প্রতিবেদনের বরাত দিয়ে জানা যায়, মেন্দি বলেন, ‘আর তাছাড়া, আলমারিতে ট্রফিটা বড্ড বেশি জায়গা জুড়ে ফালতু পড়ে ছিল!’
মেন্দির এই মন্তব্য এবং বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা বিক্রির সিদ্ধান্তকে ঘিরে ফুটবল অঙ্গনে বিতর্ক অব্যাহত রয়েছে।
/এসএন