• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০১:০৯ এএম


যন্তর-মন্তর ইস্যুতে মোদি

‘আমাকে ও আমার মাকে গা/লি দিয়েছে, তবু তাদের ক্ষমা করে দিচ্ছি’: মোদি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১ আগস্ট ২০২৬ ৫:১০ পিএম

দিল্লির যন্তর মন্তরে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে গালিগালাজ করা হয়েছে বলে অভিযোগ তুলেছে দেশটির ক্ষমতাসীন দল। এ বিষয়ে শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় মোদি দাবি করেন, তাকে শুধু নয়, তার প্রয়াত মাকেও অশালীন ভাষায় গালিগালাজ করা হয়েছে। তবে এরপরও তিনি ওই ‘বিপথগামী বাচ্চাদের’ ক্ষমা করে দিচ্ছেন বলে জানান।

ভিডিও বার্তায় মোদি বলেন, ছোটবেলায় বা যৌবনে মানুষ ভুল করতেই পারে। তার মতে, বিক্ষোভে অংশ নেওয়া তরুণরা দিকভ্রান্ত হয়ে পড়েছে। তাই তাদের শাস্তি দেওয়ার পরিবর্তে সঠিক পথ দেখানো এবং আপন করে নেওয়ার মধ্য দিয়েই সমস্যার সমাধান সম্ভব।

তিনি বলেন, “যন্তর মন্তরে যা কিছু হয়েছে, তা দেশ ও বিশ্বের মানুষ দেখেছে। কিছু দুষ্টু বাচ্চা অত্যন্ত অশালীন ভাষায় গালিগালাজ করেছে। এমন শব্দ কোনো সভ্য সমাজে মানানসই নয়। শুধু আমাকে নয়, আমার স্বর্গীয় মাকেও গালিগালাজ করা হয়েছে। বিষয়টি কতটা কদাকার ছিল, তা ভাষায় প্রকাশ করা কঠিন। তবে আমি বিশ্বাস করি, তরুণ বয়সে ভুল-ত্রুটি হতেই পারে এবং সেই ভুল থেকে নিজেকে শুধরে নেওয়ার সুযোগও থাকা উচিত। এটিই এক ধরনের ছেলেমানুষি।”

মোদি আরও বলেন, তাকে যেভাবে গালিগালাজ করা হয়েছে বা তার বিরুদ্ধে যে ভাষা ব্যবহার করা হয়েছে, তা নিয়ে সমাজে স্বাভাবিকভাবেই ক্ষোভ তৈরি হয়েছে। কিন্তু তরুণদের আইনি জটিলতায় ফেলার পরিবর্তে তাদের সঠিক দিকনির্দেশনা দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া উচিত।

তার ভাষায়, “এরা বিপথগামী বাচ্চা। তাদের সঠিক পথ দেখানো আমাদের দায়িত্ব। শাস্তি দিয়ে, আদালতের চক্কর কাটাতে বাধ্য করে কিংবা সমাজে হেনস্তা করে এই পরিস্থিতির পরিবর্তন আনা সম্ভব নয়।”

ভারতের প্রধানমন্ত্রী বলেন, তিনি ব্যক্তিগতভাবে ওই শিক্ষার্থীদের ক্ষমা করে দিতে চান এবং সমাজের প্রতিও একই মনোভাব প্রদর্শনের আহ্বান জানান।

নিজের বক্তব্যের ব্যাখ্যায় একটি উপমা টেনে মোদি বলেন, ভুলবশত জিভে কামড় লাগলে মানুষ যেমন নিজের দাঁত ভেঙে ফেলে না, তেমনি কোনো ভুলের কারণে সমাজেরও উচিত নয় নিজেদের সন্তানদের পরিত্যাগ করা।

/এসএন