নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনের ‘আউটরিচ’ পর্বে অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বাংলাদেশকে বিমসটেকের সভাপতি হিসেবে ওই আমন্ত্রণ দেওয়া হয়েছে বলে যে প্রশ্ন উঠেছে, সে বিষয়ে সরাসরি কোনো জবাব দেননি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।
শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক। তিনি বলেন, বাংলাদেশ থেকে কিছু মন্তব্যে বলা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো আমন্ত্রণপত্রে তাঁর পদবি ‘প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করা হয়নি; বরং তাঁকে ‘বিমসটেকের চেয়ার’ হিসেবে সম্বোধন করা হয়েছে। বাংলাদেশে বিষয়টিকে অপমানজনক হিসেবে দেখা হচ্ছে বলেও উল্লেখ করেন ওই সাংবাদিক। এরপর তিনি জানতে চান, তারেক রহমানকে পাঠানো আমন্ত্রণপত্রের ধরন সম্পর্কে ভারত কিছু স্পষ্ট করবে কি না।
তবে এ প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি জয়সোয়াল। তিনি বলেন, ‘ব্রিকস-এর আমন্ত্রণ সম্পর্কে আপনাদের প্রশ্নের বিষয়ে বলি, আমরা ব্রিকস সামিট আয়োজনের প্রস্তুতি নিচ্ছি। সম্পূর্ণ প্রস্তুতির সঙ্গে এটি আয়োজন করা হচ্ছে। আমন্ত্রণ এবং কারিগরি বিষয়ে আমরা পরে আপনাদের হালনাগাদ তথ্য (আপডেট) দেব।’
ব্রিফিংয়ে আরেক সাংবাদিক ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গরের চলমান বাংলাদেশ সফর নিয়ে প্রশ্ন করেন। তিনি বলেন, মার্কিন রাষ্ট্রদূত বর্তমানে তিন দিনের বাংলাদেশ সফরে রয়েছেন এবং সেখানে পররাষ্ট্রমন্ত্রীসহ আরও কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে। দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতের দায়িত্বও পালন করা সার্জিও গর আঞ্চলিক কার্যক্রমের বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষকে অবহিত করেন কি না, জানতে চান ওই সাংবাদিক।
তিনি আরও জানতে চান, সার্জিও গর বিভিন্ন দেশে কী ধরনের কার্যক্রম পরিচালনা করছেন, তা জানার জন্য ভারতীয় কর্তৃপক্ষের কোনো নির্দিষ্ট মাধ্যম রয়েছে কি না, নাকি তিনি ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ছাড়াই সম্পূর্ণ স্বাধীনভাবে এসব কার্যক্রম পরিচালনা করেন।
জবাবে জয়সোয়াল বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূতের ঢাকা সফর নিয়ে আপনার প্রথম প্রশ্নের উত্তর মার্কিন দূতাবাস বা বাংলাদেশ সরকারের দেওয়া উচিত; কারণ, এটি ওই দুই দেশের বিষয়।’
এরপর ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক নিয়ে জানতে চান আরেক সাংবাদিক। তিনি বলেন, ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ওই দিন সকালে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ বৈঠক সম্পর্কে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত কি না এবং সেখানে কী ধরনের আলোচনা বা মতবিনিময় হয়েছে, সে বিষয়ে জানতে চান তিনি।
এ প্রশ্নের জবাবে রণধীর জয়সোয়াল বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূত এবং হাই কমিশনারের সাক্ষাতের বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। তবে এ বিষয়ে আমি কোনো তথ্য পেলে অবশ্যই আপনাদের জানাব।’