নিট (এনইইটি) পরীক্ষা ঘিরে প্রশ্নফাঁসের ঘটনার পর ভারতের জাতীয় পরীক্ষা ব্যবস্থায় বড় ধরনের সংস্কার উদ্যোগ নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) পুনর্গঠন এবং পরীক্ষা পদ্ধতিকে আরও স্বচ্ছ, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর করতে গঠন করা হয়েছে ছয় সদস্যের একটি উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স।
রাজধানী দিল্লিতে শিক্ষার্থীদের দীর্ঘদিনের আন্দোলনের মুখে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরদিনই এ উদ্যোগের ঘোষণা আসে। পরীক্ষা ব্যবস্থাকে সাইবার হামলা ও মানবীয় ত্রুটিমুক্ত করতে তথ্যপ্রযুক্তি, মহাকাশ গবেষণা, গোয়েন্দা সংস্থা, শিক্ষা ও লজিস্টিকস খাতের শীর্ষ বিশেষজ্ঞদের নিয়ে টাস্কফোর্সটি গঠন করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, ভারতের পরীক্ষা ব্যবস্থাকে আরও নির্ভরযোগ্য, স্বচ্ছ এবং প্রযুক্তিনির্ভর করতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রযুক্তিবিদ ও ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির নেতৃত্বে এ টাস্কফোর্স গঠন করা হয়েছে। তাদের সুপারিশের ভিত্তিতেই ভবিষ্যতের জাতীয় পরীক্ষাগুলোর নিরাপত্তা ও নিরপেক্ষতা আরও জোরদার করা হবে।
টাস্কফোর্সের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন নন্দন নিলেকানি। ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা এবং ভারতের ‘আধার’ প্রকল্পের সাবেক প্রধান হিসেবে পরিচিত তিনি। তার নেতৃত্বে হ্যাক-প্রতিরোধী ও এনক্রিপ্টেড ডিজিটাল পরীক্ষা প্ল্যাটফর্ম তৈরির পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-এর সাবেক চেয়ারম্যান এস সোমনাথ, যিনি চন্দ্রযান-৩ অভিযানের অন্যতম প্রধান পরিকল্পনাকারী। পরীক্ষা ব্যবস্থায় উন্নত নিরাপত্তা, ত্রুটিমুক্ত পরিচালনা ও সাইবার ইন্টেলিজেন্স ব্যবস্থার উন্নয়নে তিনি কাজ করবেন।
গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরোর (আইবি) সাবেক পরিচালক তপন কুমার ডেকাকে প্রশ্নফাঁস চক্র ও পরীক্ষা-সংক্রান্ত অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি কাঠামো শক্তিশালী করার দায়িত্ব দেওয়া হয়েছে।
আইআইটি মাদ্রাজের পরিচালক ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ডের সদস্য ভি কামাকোটি ডিজিটাল অবকাঠামো ও সাইবার নিরাপত্তা উন্নয়নে প্রযুক্তিগত সহায়তা দেবেন।
এ ছাড়া ভারতের সাবেক শিক্ষাসচিব ও সিবিএসইর সাবেক চেয়ারপারসন অনিতা কারওয়াল মূল্যায়ন পদ্ধতি, পরীক্ষা কেন্দ্র পরিচালনা এবং শিক্ষা নীতি সংস্কারের বিষয়ে পরামর্শ দেবেন।
টাস্কফোর্সের আরেক সদস্য অমৃত লাল মীনা, যিনি লজিস্টিকস ও সরবরাহ ব্যবস্থাপনার বিশেষজ্ঞ। প্রশ্নপত্র পরিবহন ও সংরক্ষণে জিপিএস-ট্র্যাকিং এবং নির্দিষ্ট সময়ে স্বয়ংক্রিয়ভাবে খুলে যায়—এমন ডিজিটাল লকযুক্ত কনটেইনার ব্যবহারের পরিকল্পনা বাস্তবায়নে তিনি কাজ করবেন।
এই উদ্যোগের মাধ্যমে ভারতের জাতীয় পরীক্ষা ব্যবস্থাকে আরও নিরাপদ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্য নির্ধারণ করেছে কেন্দ্রীয় সরকার।
/এএসএফ