• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০১:৩২ পিএম


সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ তদন্তের পর আইনগত ব্যবস্থা: আইনমন্ত্রী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৬ জুলাই ২০২৬ ৮:৩৯ পিএম

সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ যাচাই করছে সরকার: আইনমন্ত্রী

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান এবং ইসলামী ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার যাচাই-বাছাই করছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, জনদাবি বিবেচনায় নিয়ে অভিযোগগুলোর তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (২৬ জুলাই) দুপুরে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নবীন আইনজীবীদের বরণ ও প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, সরকার চায় না অন্যায্যভাবে কেউ হয়রানির শিকার হোক। তবে সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করে তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবির বিষয়ে তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দল এমন দাবি তুলতেই পারে। তবে এ ধরনের দাবির যৌক্তিকতা আইনগত দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করা হবে।

পদত্যাগের পর চিকিৎসার জন্য সাবেক রাষ্ট্রপতির বিদেশে যাওয়ার ওপর কোনো নিষেধাজ্ঞা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন। রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় তথ্য যথাসময়ে জানানো হবে।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বিগত সরকারের আমলে সংঘটিত দুর্নীতির বিভিন্ন চিত্রও তুলে ধরেন। তার দাবি, গত ১৬ বছরে দেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, যা বর্তমান সময়ের দুই থেকে তিনটি জাতীয় বাজেটের সমপরিমাণ।

তিনি উদাহরণ হিসেবে বলেন, খুলনায় পৌনে চার কিলোমিটার সড়ক নির্মাণে ২৮০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। এছাড়া পিরোজপুরে ‘মহারাজ’ নামে পরিচিত এক ব্যক্তির প্রভাবে এলজিইডির প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার কাজ কাগজে-কলমে দেখিয়ে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।

নবীন ১ হাজার ৫৪ জন আইনজীবীর উদ্দেশে আইনমন্ত্রী পেশাগত সততা, সেবার মানসিকতা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, “আইনজীবী হওয়ার কোনো শর্টকাট পথ নেই, প্রতিদিন শিখতে হয়।”

তিনি আরও বলেন, অর্থের পেছনে না ছুটে মানুষের সেবাকে প্রাধান্য দিতে হবে। এমনকি নিজের রাজনৈতিক দলের কেউ দুর্নীতির সঙ্গে জড়িত থাকলেও তার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

/এএসএফ