• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৮:৫৫ এএম


সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে পৃথক অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৬ জুলাই ২০২৬ ৫:৪৫ পিএম

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে আলাদা কোনো আর্থিক অনিয়মের তদন্ত পরিচালনা করা হবে না। তবে ব্যাংকভিত্তিক চলমান তদন্তে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে বিদ্যমান আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।রোববার (২৬ জুলাই) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

তিনি বলেন, মো. সাহাবুদ্দিন সাংবিধানিকভাবে রাষ্ট্রের সর্বোচ্চ পদে দায়িত্ব পালন করেছেন। সে কারণে তাকে কেন্দ্র করে পৃথক কোনো অনুসন্ধান পরিচালনা করবে না নিয়ন্ত্রক সংস্থা। তবে দেশের আর্থিক খাতের সংস্কারের অংশ হিসেবে বিভিন্ন ব্যাংকে যে তদন্ত কার্যক্রম চলছে, সেখানে কোনো ব্যক্তির সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।বাংলাদেশ ব্যাংকের ভূমিকা ব্যাখ্যা করে আরিফ হোসেন খান বলেন, গ্রাহকরা বাণিজ্যিক ব্যাংকের কাস্টমার, আর কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কার্যক্রম পরিদর্শন করে।

তদন্তে কোনো অনিয়ম ধরা পড়লে বাংলাদেশ ব্যাংক সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। কোনো ব্যক্তি অনিয়ম করলে সেই অনিয়মের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্পৃক্ততা রয়েছে কি না, সেটিও যাচাই করা হয়।তিনি আরও বলেন, ব্যাংকগুলোর নিজস্ব অডিটের পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংক এবং বহিরাগত অডিটও পরিচালিত হয়। তাই কোনো ব্যক্তি বিশেষকে লক্ষ্য করে বা বিশেষ অগ্রাধিকার দিয়ে তদন্ত পরিচালনার সুযোগ নেই। বাংলাদেশ ব্যাংক নিয়মিত তদারকি ও আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমেই তাদের দায়িত্ব পালন করে।

/বিএসএস