ঘটনার তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য রাজধানীর উত্তরায় সাত মাস বয়সী কন্যাশিশু রাফা মনিকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।রোববার (২৬ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত তদন্ত কর্মকর্তার আবেদন শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক হেলাল উদ্দিন।মামলার তথ্য অনুযায়ী, গত ১৫ জুলাই সন্ধ্যায় উত্তরা সিরাজ মার্কেটসংলগ্ন বালুরমাঠ এলাকায় শিশু রাফা মনিকে রাস্তায় আছড়ে দেওয়ার অভিযোগ ওঠে তার বাবা কবির ইসলামের বিরুদ্ধে। ঘটনার পর স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ১৬ জুলাই দুপুরে তার মৃত্যু হয়। এ ঘটনায় ১৭ জুলাই শিশুটির নানি শারমীন আক্তার তুরাগ থানায় কবির ইসলামকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেন।ঘটনার পর প্রথমে কবির ইসলামকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। পরে হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।মামলার তদন্ত কর্মকর্তা তুরাগ থানার উপপরিদর্শক মেহেদী হাসান ফয়সল গত ২৩ জুলাই আসামির তিন দিনের রিমান্ড আবেদন করেন। রোববার শুনানি শেষে আদালত সেই আবেদন মঞ্জুর করেন।মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, প্রায় দুই বছর আগে রিকশাচালক কবির ইসলামের সঙ্গে লিমা আক্তারের বিয়ে হয়। তাদের একমাত্র সন্তান ছিল রাফা মনি। অভিযোগে বলা হয়েছে, কবির ইসলাম মাদকাসক্ত ছিলেন এবং এ কারণে প্রায়ই স্ত্রীকে নির্যাতন করতেন।এজাহার অনুযায়ী, ঘটনার দিন লিমা আক্তার অসুস্থ বাবাকে দেখতে শিশুকে নিয়ে বাবার বাড়িতে যান। সেখানে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধের একপর্যায়ে কবির ইসলাম নানির কাছ থেকে শিশুটিকে নিয়ে রাস্তায় আছড়ে দেন বলে অভিযোগ করা হয়েছে।পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ এবং সংশ্লিষ্ট সব বিষয় খতিয়ে দেখতে আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
/বিএসএস