• ঢাকা
  • শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৫৬ এএম


ইরান সমর্থিত হুথিদের হামলার ভয়ে নিরাপত্তা সতর্কতা সৌদিতে!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৫ জুলাই ২০২৬ ৬:৪৬ পিএম

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের সম্ভাব্য বড় ধরনের সামরিক অভিযানের হুমকির মধ্যে সৌদি আরবের ইয়ানবু ও জাজান অঞ্চলে অল্প সময়ের জন্য জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। তবে কিছুক্ষণ পরই সৌদি কর্তৃপক্ষ জানায়, তাৎক্ষণিক ঝুঁকি কেটে গেছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শনিবার ভোরে জারি করা ওই সতর্কতার সময় স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দেওয়া হয়। পরে সৌদি সিভিল ডিফেন্স এক বিবৃতিতে জানায়, সম্ভাব্য ঝুঁকি আর নেই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সতর্কতা জারির সময় সম্ভাব্য হুমকির ধরন বা উৎস সম্পর্কে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। তবে নাসার অগ্নি-সনাক্তকরণ উপগ্রহচিত্রে জাজান তেল শোধনাগারের পূর্বদিকে আগুনের চিহ্ন দেখা গেছে। আগুনের কারণ সম্পর্কে এখনো কোনো সরকারি ব্যাখ্যা দেওয়া হয়নি।

এদিকে হুথি বিদ্রোহীরা ঘোষণা দিয়েছে, তারা শিগগিরই ‘গুণগত ও ব্যাপক সামরিক অভিযান’ সম্পর্কে বিস্তারিত জানাবে। এর আগে তারা লোহিত সাগরে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা এবং সৌদি-সংশ্লিষ্ট জাহাজ লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছিল।

এই উত্তেজনার মধ্যেই শুক্রবার ইয়েমেনের হোদেইদা অঞ্চলে হুথিদের সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন জোট। সৌদি বাহিনীর দাবি, বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতেই ওই অভিযান পরিচালনা করা হয়েছে।

এর আগে লোহিত সাগরে একটি সৌদি মালিকানাধীন জাহাজে হামলার দায় স্বীকার করে হুথিরা। এরপর থেকেই পুরো অঞ্চলে নিরাপত্তা উদ্বেগ আরও বেড়ে যায়।

বিশ্লেষকদের মতে, হুথিদের হামলা এবং সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সামরিক অভিযান অব্যাহত থাকলে লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালীর নিরাপত্তা আরও ঝুঁকির মুখে পড়তে পারে। এর প্রভাব বৈশ্বিক জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক বাণিজ্যেও পড়ার আশঙ্কা রয়েছে।

/এএসএফ