রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ কয়েকটি বস্তু উদ্ধার করে সেগুলো নিষ্ক্রিয় করেছে পুলিশ। এ সময় বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার (২৪ জুলাই) রাত প্রায় ৮টা ১৫ মিনিটে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম অভিযান চালিয়ে অন্তত দুটি বোমা সদৃশ বস্তু নিষ্ক্রিয় করে।
পুলিশ জানায়, সন্ধ্যার পর কে বা কারা মেট্রোরেল স্টেশনের নিচে এসব সন্দেহজনক বস্তু রেখে যায়। খবর পেয়ে থানা পুলিশ ও সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে।
প্রাথমিকভাবে উদ্ধার হওয়া বস্তুগুলো প্রকৃতপক্ষে বোমা, নাকি ককটেল—তা নিশ্চিত হওয়া যায়নি। পুরো এলাকা ঘিরে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন আলামত সংগ্রহ এবং তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম বলেন, রাত ৭টার পর মেট্রোরেল স্টেশনের নিচে বোমা থাকার খবর পায় পুলিশ। এরপর ঘটনাস্থলে থানা পুলিশ ও সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট যায়। এখন পর্যন্ত দুটি বোমা সদৃশ বস্তু নিষ্ক্রিয় করা হয়েছে এবং আরও সন্দেহজনক বস্তু থাকলে সেগুলোও নিষ্ক্রিয় করার কাজ চলমান রয়েছে।
সূত্র: প্রাপ্ত তথ্য
/এএসএফ