ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন জল্পনা নাকচ করে দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানিয়েছেন, অধ্যাপক ইউনূসের রাষ্ট্রপতি হওয়ার কোনো পরিকল্পনা নেই।
বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে শফিকুল আলম বলেন, ড. মুহাম্মদ ইউনূস ভবিষ্যতেও দারিদ্র্য বিমোচন, ‘তিন শূন্যের বিশ্ব’ গঠনের লক্ষ্য এবং বিশ্বজুড়ে সামাজিক ব্যবসা বিস্তারে তার দীর্ঘদিনের কাজেই মনোযোগী থাকবেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ড. ইউনূসকে দেশের পরবর্তী রাষ্ট্রপতি করা হতে পারে—এমন নানা আলোচনা ও গুঞ্জন ছড়িয়ে পড়ে। সেই প্রেক্ষাপটেই প্রেস সচিবের এই বক্তব্যকে গুঞ্জনের আনুষ্ঠানিক ব্যাখ্যা হিসেবে দেখা হচ্ছে।
এর আগেও শফিকুল আলম বলেছিলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্বকে ড. ইউনূস একটি নির্দিষ্ট সময়ের দায়িত্ব হিসেবেই দেখছেন এবং ভবিষ্যতে ক্ষমতায় থেকে যাওয়ার কোনো আগ্রহ তার নেই।
প্রেস সচিবের সর্বশেষ বক্তব্যের পর ড. ইউনূসের রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা নিয়ে চলমান আলোচনা ও জল্পনার অবসান ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: শফিকুল আলমের ফেসবুক পোস্ট
/এএসএফ