• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ এএম


২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক, সরকারের আশ্বাসের পর সিদ্ধান্ত

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৪ জুলাই ২০২৬ ৭:৫৭ এএম

ভারতের শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে আন্দোলনরত তরুণদের প্রতি সংহতি জানিয়ে টানা ২৬ দিন অনশন করার পর তা ভেঙেছেন প্রখ্যাত অধিকারকর্মী সোনম ওয়াংচুক।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ৫৯ বছর বয়সী এই সমাজকর্মী, যিনি ‘সোনম স্যার’ নামেও পরিচিত, জানান যে সরকারের সঙ্গে দীর্ঘ আলোচনার পর কয়েকটি শর্তের ভিত্তিতে এবং দেশে সম্ভাব্য সহিংসতা এড়ানোর স্বার্থে তিনি অনশন কর্মসূচি শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন।

মূলত ‘ককরোচ জনতা পার্টি’ নামের একটি তরুণ আন্দোলনকারী দলের প্রতি সমর্থন জানিয়ে তিনি এই অনশন শুরু করেছিলেন। আন্দোলনকারীদের প্রধান দাবি ছিল ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।

দীর্ঘ ২৬ দিনের অনশনে সোনম ওয়াংচুকের প্রায় ১১ কেজি ওজন কমে যায়। গত শনিবার দিল্লির একটি আন্দোলনস্থল থেকে তাকে জোরপূর্বক সরিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে ভারতের বিভিন্ন রাজ্যের মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীরা তাকে দেখতে যান।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, যন্তর মন্তরে অবস্থানরত আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না বলে সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। সেই আশ্বাস পাওয়ার পরই সোনম ওয়াংচুক অনশন ভাঙার সিদ্ধান্ত নেন।

/এসএন