যুক্তরাজ্যের এসেক্স উপকূলে সমুদ্রে ডুবে এক ব্রিটিশ-বাংলাদেশি নারী ও তার ১৫ বছর বয়সী মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে কোলচেস্টারের কাছে ওয়েস্ট মার্সি সমুদ্রসৈকতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এসেক্স পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটে ওয়েস্ট মার্সির সি ভিউ হলিডে পার্কসংলগ্ন এলাকায় একাধিক ব্যক্তি পানিতে বিপদে পড়েছেন—এমন খবর পেয়ে জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। প্যারামেডিকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও চল্লিশোর্ধ্ব এক নারী ও এক কিশোরীকে মৃত ঘোষণা করা হয়। আহতদের মধ্যে একজনকে এয়ার অ্যাম্বুলেন্সে এবং আরও তিনজনকে সড়কপথে হাসপাতালে নেওয়া হয়েছে।
নিহত নারী সেলিনা রহমান পেশায় একজন শিক্ষক ছিলেন। তিনি যুক্তরাজ্য বিএনপির সাবেক সহসভাপতি মুজিবুর রহমানের কন্যা এবং যুক্তরাজ্য যুবদল নেতা মনসুর রহমানের স্ত্রী। নিহত কিশোরী তাদের ১৫ বছর বয়সী মেয়ে। মনসুর রহমান সিলেটের বিএনপি নেতা শেখ মখন মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, জোয়ারের স্রোতে পরিবারের সাত বছর বয়সী একটি শিশু ভেসে যেতে শুরু করলে তাকে উদ্ধার করতে মা ও মেয়ে পানিতে নামেন। শিশুটিকে বাঁচানোর চেষ্টা করতে গিয়েই তারা দুজনই প্রবল স্রোতে তলিয়ে যান।
তবে এসেক্স পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে তদন্ত চলছে এবং এ বিষয়ে এখনো বিস্তারিত আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।
/এএসএফ