• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ এএম


পদত্যাগের পর রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রে/প্তার করে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৩ জুলাই ২০২৬ ১০:৪৫ পিএম

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করলে তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একই সঙ্গে তিনি দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে একজন সৎ, নিরপেক্ষ ও অভিভাবকসুলভ ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার আহ্বান জানান।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় জামালপুরে পদযাত্রা শেষে ফৌজাদারী মোড়ে আয়োজিত এক সমাবেশে এসব বক্তব্য দেন নাহিদ ইসলাম।

সমাবেশে বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, সংস্কার বাস্তবায়ন এবং জনগণের ৭০ শতাংশ ম্যান্ডেট পূরণে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। তার দাবি, আন্তর্জাতিক পরিমণ্ডলে গ্রহণযোগ্যতার অভাব এবং সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে না পারার কারণে বিশ্বের কোনো দেশ বর্তমান সরকারকে ঋণ বা অন্য কোনো ধরনের সহায়তা দিচ্ছে না। তিনি আরও দাবি করেন, তারেক রহমান চীন সফর শেষে খালি হাতে ফিরেছেন। নাহিদ ইসলামের মতে, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা না গেলে কোনো ধরনের বৈদেশিক সহায়তা পাওয়া সম্ভব হবে না।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং রাষ্ট্রপতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, দুই-তৃতীয়াংশ আসন নিয়ে সরকার গঠনের কথা বলা বিএনপি পাঁচ মাসেও বিগত আওয়ামী লীগ সরকারের রাষ্ট্রপতিকে পরিবর্তন করতে পারেনি। যে সরকার একজন রাষ্ট্রপতিকে সরানোর সক্ষমতা রাখে না, তারা কীভাবে দেশ পরিবর্তন করবে—এমন প্রশ্নও তোলেন তিনি।

নাহিদ ইসলাম দাবি করেন, রাষ্ট্রপতির বিরুদ্ধে গণহত্যায় সমর্থন এবং দুর্নীতির স্পষ্ট প্রমাণ রয়েছে। তার ভাষ্য, শুধু পদত্যাগ করানোই যথেষ্ট নয়; পদত্যাগের পরই তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।

দেশে গুণগত পরিবর্তন আনতে এনসিপিকে ক্ষমতায় আনার আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকার পরিবর্তনের শক্তি নয়। তিনি দাবি করেন, জাতীয় সংসদে এনসিপির মাত্র আটজন সংসদ সদস্য থাকলেও তারা ১০০ জন সংসদ সদস্যের চেয়েও বেশি শক্তিশালী ও সোচ্চার ভূমিকা পালন করছেন।

এর আগে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি ছাত্র সমাবেশে অংশ নেন এনসিপির নেতাকর্মীরা। পরে শহরজুড়ে একটি বর্ণাঢ্য পদযাত্রা বের করা হয়। পদযাত্রা শেষে অনুষ্ঠিত সমাবেশে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরাও বক্তব্য রাখেন।

/এসএন