রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন খুব শিগগিরই পদত্যাগ করতে যাচ্ছেন বলে সরকারের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে। সূত্রটির দাবি, নতুন রাষ্ট্রপতি মনোনয়নের বিষয়টি নিয়ে সরকার ও সরকারি দল বিএনপির উচ্চপর্যায়ে আলোচনা চলছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন রাষ্ট্রপতি নির্বাচনে কিছুটা সময় লাগলে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে সূত্রটি দাবি করেছে, রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে আর কোনো অনিশ্চয়তা নেই।
মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। আওয়ামী লীগের মনোনয়নে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সাংবিধানিক বিধান অনুযায়ী, তার মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আসে। সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করলে সংসদ বিলুপ্তি, অন্তর্বর্তী সরকার গঠনসহ বিভিন্ন সাংবিধানিক প্রক্রিয়ায় রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন মো. সাহাবুদ্দিন।
গণঅভ্যুত্থানের পর থেকেই রাষ্ট্রপতির পদত্যাগের দাবি জানিয়ে আসছিল জুলাই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন। বঙ্গভবন ঘেরাওসহ নানা কর্মসূচিও পালন করা হয়। তবে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তাকে অপসারণে কোনো উদ্যোগ নেয়নি।
২০২৫ সালের ১২ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের সময় সাহাবুদ্দিন বলেছিলেন, ফেব্রুয়ারির নির্বাচনের পর মেয়াদের মাঝামাঝি সময়ে তিনি পদত্যাগ করতে চান। সে সময় তিনি আরও অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের আচরণে তিনি অপমানিত বোধ করেছেন।
পরে বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি এক সাক্ষাৎকারে তিনি বলেন, সরকার চাইলে তিনি দায়িত্বে থাকবেন, অন্যথায় স্বেচ্ছায় পদত্যাগ করবেন।
বাংলাদেশের সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদত্যাগ করলে নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
এদিকে সরকার গঠনের পরও রাষ্ট্রপতি পরিবর্তনের বিষয়ে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত নেয়নি বিএনপি নেতৃত্বাধীন সরকার। তবে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করলে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে নতুন পরিবর্তনের পাশাপাশি নতুন রাষ্ট্রপতি মনোনয়নের সুযোগ পাবে সরকার।
/এএসএফ