• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৮:৫১ এএম


টানা বৃষ্টি ও বন্যার প্রভাবে কাঁচা মরিচের কেজি ২০০ টাকা ছাড়াল

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২১ জুলাই ২০২৬ ৫:১৭ পিএম

টানা বৃষ্টি ও বন্যার প্রভাবে রাজধানীর বিভিন্ন বাজারে কাঁচা মরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এক মাস আগে যে কাঁচা মরিচ প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হতো, বর্তমানে অনেক বাজারেই এর দাম ২০০ টাকা ছাড়িয়েছে। কোথাও কোথাও প্রতি কেজি ২৮০ টাকাও নেওয়া হচ্ছে।

মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর কৃষি মার্কেট, টাউন হল বাজার, কারওয়ান বাজার এবং আশকোনা হজক্যাম্প বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

ব্যবসায়ীদের ভাষ্য, টানা বৃষ্টির কারণে কাঁচা মরিচের সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। প্রায় দেড় সপ্তাহ আগে দেশের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টি ও বন্যার কারণে সবজির সরবরাহ কমে যায়। তখন অন্যান্য সবজির সঙ্গে কাঁচা মরিচের দামও এক দফা বাড়ে। পরে বৃষ্টি ও বন্যার পানিতে বিভিন্ন অঞ্চলের সবজিক্ষেত তলিয়ে যাওয়ায় অনেক ফসল নষ্ট হয়েছে। ফলে বাজারে সবজির সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেনি। এর মধ্যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আবারও দেশজুড়ে টানা পাঁচ দিনের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

বাজারভেদে কাঁচা মরিচের দামে উল্লেখযোগ্য পার্থক্য দেখা গেছে। মোহাম্মদপুর কৃষি মার্কেটে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকায়। একই সময়ে টাউন হল বাজারে প্রতি কেজির দাম ২৫০ থেকে ২৮০ টাকা। কারওয়ান বাজারে ভালো মানের কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২০০ টাকায়, আর সাধারণ মানের মরিচের দাম ১৬০ টাকার আশপাশে।

রাজধানীর আশকোনা হজক্যাম্প বাজারের ক্রেতা জাকির হোসেন জানান, তিনি ২৫০ গ্রাম কাঁচা মরিচ ৬০ টাকায় কিনেছেন, যা কেজিপ্রতি ২৪০ টাকার সমান। তার মতে, মাত্র এক সপ্তাহ আগেও একই পরিমাণ কাঁচা মরিচ কিনতে ৪০ টাকা খরচ হয়েছিল।

ব্যবসায়ীরা বলছেন, শুধু কাঁচা মরিচ নয়, প্রায় সব ধরনের সবজির দামই এখন ঊর্ধ্বমুখী। বর্তমানে ১০০ টাকার নিচে খুব কম ধরনের সবজি পাওয়া যাচ্ছে।

এদিকে পেঁয়াজের বাজারেও দাম বেড়েছে। এক সপ্তাহ আগে প্রতি কেজি পেঁয়াজ ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হলেও বর্তমানে সেই দাম বেড়ে ৪৫ থেকে ৫০ টাকায় পৌঁছেছে।

মোহাম্মদপুর টাউন হল বাজারের সবজি বিক্রেতা আল-নাহিয়ান বলেন, পাইকারি বাজারে টানা বৃষ্টির কারণে কাঁচা মরিচের সরবরাহ কমে গেছে। অন্যদিকে ক্রেতাদের চাহিদা অপরিবর্তিত থাকায় অল্প সময়ের মধ্যেই দাম বেড়েছে। একই কারণে অন্যান্য সবজির বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে।

/এসএন