ফুটবল শুধু একটি খেলা নয়, কোটি মানুষের আবেগের নাম। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে কেউ বাড়িতে পতাকা টানান, কেউ জার্সি পরেন। তবে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার এক ফুটবলপ্রেমী সেই ভালোবাসাকে ভিন্ন মাত্রা দিয়েছেন। আর্জেন্টিনার প্রতি অগাধ ভালোবাসা থেকে তিনি নিজের পুরো শরীরই রাঙিয়েছেন আকাশি-সাদা পতাকার রঙে।
তিনি তাড়াশ পৌর শহরের দক্ষিণপাড়ার বাসিন্দা রিপন হোসেন। প্রেস ক্লাবসংলগ্ন এলাকায় তাঁর একটি ছোট চায়ের দোকান রয়েছে। দীর্ঘদিন ধরেই তিনি আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল এবং বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির একজন নিবেদিতপ্রাণ সমর্থক।
সম্প্রতি শরীরজুড়ে আর্জেন্টিনার জাতীয় পতাকার রঙ ধারণ করে এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন রিপন। তাঁর শরীরের বিভিন্ন অংশে আকাশি-সাদা রঙের নকশা দেখে প্রথমে অনেকেই বিস্মিত হলেও পরে তাঁর ফুটবলপ্রেমের প্রশংসা করেছেন।
রিপনের এই ব্যতিক্রমী উদ্যোগ দেখতে প্রতিদিনই তাঁর চায়ের দোকানে ভিড় করছেন ফুটবলপ্রেমী ও কৌতূহলী মানুষ। কেউ তাঁর সঙ্গে সেলফি তুলছেন, আবার কেউ ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। ফলে ছোট্ট সেই চায়ের দোকানটি এখন ফুটবলপ্রেমীদের এক মিলনস্থলে পরিণত হয়েছে।
রিপন হোসেন বলেন, “ছোটবেলা থেকেই আর্জেন্টিনাকে সমর্থন করি। মেসির খেলা আমাকে ভীষণ অনুপ্রাণিত করে। তাই ভালোবাসার প্রকাশ হিসেবে শরীরে প্রিয় দলের পতাকার রং ধারণ করেছি। এতে আমি গর্ববোধ করি।”
স্থানীয়দের মতে, রিপনের এমন ব্যতিক্রমী সমর্থন তাড়াশে নতুন আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তাঁর ফুটবলপ্রেমকে অনন্য উদাহরণ হিসেবে দেখছেন। আবার কেউ কেউ বলছেন, খেলাকে ঘিরে এমন আনন্দ ও উৎসবের আমেজই ফুটবলের সবচেয়ে বড় সৌন্দর্য।
বিশ্বজুড়ে ফুটবল উন্মাদনার মধ্যেই তাড়াশের চা বিক্রেতা রিপন হোসেনের এই অভিনব উদ্যোগ প্রমাণ করেছে—প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশের ধরন ভিন্ন হতে পারে, কিন্তু আবেগের গভীরতা একই।
/এএসএফ